পাংশায় ইউপি চেয়ারম্যানসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ রফিকুল ইসলাম (৪৫) ও কামাল (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ইউনিয়নের বয়রাট বাজারে কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন হয়েছে।পাংশা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আবদুর রব নির্বাচনে পরাজিত হন। দলের অনেক কর্মী-সমর্থকের কাজ না করাকে এ পরাজয়ের অন্যতম কারণ হিসেবে তিনি চিহ্নিত করেন।এরই পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে পুঁইজোর গ্রামে আবদুর রবের সমর্থিত লোকজন নাদের হোসেন নামের দলীয় এক কর্মীকে মারধর ও তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেন। আহত নাদের হোসেনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরে গতকাল সন্ধ্যার দিকে বয়রাট মাজাইল বাজারে এ বিষয় নিয়ে বিএনপি-সমর্থিত নবনির্বাচিত চেয়ারম্যান শাহ রফিকুল ইসলামের সঙ্গে আবদুর রবের লোকজনের মধ্যে কথাকাটাকাটি ও সংঘর্ষ বাধে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।খবর পেয়ে রাজবাড়ী থেকে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই রাতেই এনামুল হক নামের এক ব্যবসায়ী পাংশা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করলে পুলিশ ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং কামাল (৪০) নামের আরেকজনকে গ্রেপ্তার করে। পাংশা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, রফিকুল ইসলাম ও কামালকে আজ মঙ্গলবার দুপুরের দিকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।