পাংশায় তিন চরমপন্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় গত সোমবার দিবাগত রাতে চরমপন্থী সংগঠন পূর্ববাংলার বিপ্লবী কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) দুই পক্ষের সঙ্গে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নেতা নিহত হয়েছেন। এর আগে রোববার রাতে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন আরেক চরমপন্থী নেতা। নিহত ব্যক্তিরা হলেন লাল পতাকার রাজবাড়ীসহ দক্ষিণাঞ্চলের নেতা অমল বাহিনীর একাংশের প্রধান আবদুল আজিজ মণ্ডল ওরফে ছোট আজিজ (৩৮) এবং আরেক অংশের নেতা পরিতোষ বাহিনীর প্রধান পরিতোষ কুমার (৩০) ও সেকেন্ড ইন কমান্ড দীপঙ্কর কুমার দাস ওরফে দিপু (৩০)। তাঁদের মধ্যে আজিজ পাংশার কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট, দিপু একই ইউনিয়নের দিঘলহাট এবং পরিতোষ কলিমহর ইউনিয়নের বনগ্রামহাটের বাসিন্দা।গতকাল মঙ্গলবার র‌্যাব সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চরমপন্থী নেতা অমলের অনুপস্থিতিতে নেতৃত্বের কোন্দল চরম আকার ধারণ করে। গত ২৩ জুন দিপুর নেতৃত্বে একদল চরমপন্থী আজিজকে গুলি করে আহত করে। এতে আজিজ বাহিনী প্রতিপক্ষ পরিতোষ ও দিপুর ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। গত রোববার মধ্যরাতে আজিজ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মাসুদসহ অন্যরা কসবামাজাইলের কেওয়া গ্রামের লক্ষ্মীপুর ঘাটে পরিতোষকে গুলি করে হত্যা করেন এবং লাশ গড়াই নদীতে ফেলে দেন।র‌্যাব-৮ রাজবাড়ী ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মাহ্মুদ জানান, সোমবার সন্ধ্যার পর র‌্যাব খবর পায় যে পরিতোষের দল প্রতিপক্ষ আজিজ ও মাসুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে র‌্যাবের চারটি দল অভিযানে নামে। রাত সাড়ে তিনটার দিকে কসবামাজাইল ইউনিয়নের ভাতশালা গ্রামের ভূমিহীনপাড়ায় পৌঁছালে দুই পক্ষের বন্দুকযুদ্ধের শব্দ শোনা যায়। র‌্যাব চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীদের দুই পক্ষ র‌্যাবের ওপর গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও প্রায় ১০০ গুলি ছোড়ে। প্রায় ৩০ মিনিট বন্দুকযুদ্ধ শেষে সন্ত্রাসীরা পিছু হটে।র‌্যাবের কর্মকর্তা আবদুল্লাহ জানান, ভোর হলে ভূমিহীনপাড়ার রাস্তার উত্তর পাশে আজিজ ও দক্ষিণ পাশে দিপুর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুটি এলজি, দুটি গুলি, একটি রামদা ও এলজির তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়।পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী মোফাজ্জেল হোসেন জানান, বন্দুকযুদ্ধের খবর পেয়ে সকালে দুজন চরমপন্থীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ওসি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে আজিজের বিরুদ্ধে কুষ্টিয়ার খোকশা থানায় একটি হত্যা মামলা রয়েছে। অন্য দুজন চরমপন্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ আছে।পরিতোষের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল সকালে গড়াই নদী থেকে পরিতোষের লাশ উদ্ধার করা হয়। তাঁর পেটে গুলির চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষ চরমপন্থীরা দু-এক দিন আগে তাঁকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।