রাজবাড়ীর পাংশা উপজেলায় আজ রোববার নির্বাচন-পরবর্তী সহিংসতায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সদস্যের ভাই নিহত এবং দুজন আহত হন। নিহতের নাম মোমিন (২২)। উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হাজরাপাড়া এলাকায় সকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাংশা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানান, সকাল নয়টার দিকে বাবুপাড়া ইউপির নবনির্বাচিত সদস্য আলী আকবরের সমর্থকেরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কাশেম ছরোয়ারের সমর্থক হাজরাপাড়া এলাকার বাসিন্দা জাফর মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় জাফর মিয়ার বাড়ি থেকে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিপক্ষের প্রতি গুলি চালানো হয়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোমিন মারা যান। তিনি আলী আকবরের ছোট ভাই। আহত দুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন।