পাংশায় বিচারপতির বাড়িতে হামলা, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধ এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে হাইকোর্টের বিচারপতি মো. আবদুল হাইয়ের গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষ গ্রুপ। এতে উভয় পক্ষে ১২ জন আহত হয়েছে। রাজবাড়ীর পাংশা উপজেলার খরখড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের রাজবাড়ী সদর ও পাংশা হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পাংশা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে বিচারপতি আবদুল হাইয়ের গ্রামের বাড়ির কাচারি ঘরে বিচারপতির চাচাতো ভাই প্রতিবেশী মন্টু খাঁ, জাকির হোসেন খাঁ ও সিরাজুল ইসলাম খাঁর নেতৃত্বে ১৫-১৬ জন লোক ইট-পাটকেল ছুড়ে কাচের জানালা ভাঙচুর করে। তখন বাড়িটি দেখাশোনার দায়িত্বে থাকা বিচারপতির চাচাতো ভাই হাসেম আলী খাঁ ও তাঁর লোকজন প্রতিপক্ষকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।এর কিছুক্ষণ পরই প্রতিপক্ষ গ্রুপের লোকজন সংঘবদ্ধভাবে বাড়িতে ঢোকার চেষ্টা করলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এতে ১২ জন আহত হয়।খবর পেয়ে পাংশা থানা ও মৃগী ইউনিয়নের পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক ওহেদুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসেম আলী খাঁ জানান, প্রায় ছয় মাস আগে স্থানীয় কিছু জমি নিয়ে জাকির খাঁ তাঁর নামে মামলা করে। এ ছাড়া গত সোমবার বিচারপতির বড় ভাই তোফাজ্জেল হোসেন খাঁ মারা গেলে তাঁকে নিয়ে প্রতিপক্ষ গ্রুপ কটাক্ষ করে। এ সময় তোফাজ্জেলের ছেলে মতিন খাঁর (২৮) সঙ্গে প্রতিপক্ষ সিরাজ খাঁর ছেলে ইশা খাঁর (২৬) কথাকাটাকাটি হয়। এরই জের ধরে গতকাল রাতে হামলার ঘটনা ঘটে। তবে মন্টু খাঁর লোকজনের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।এসআই ওহেদুজ্জামান জানান, এ ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি।