পাংশায় ১৪ মাসের শিশুকে জবাই
রাজবাড়ীর পাংশা উপজেলার ডেমনা পাড়া গ্রামে শিমুল নামের ১৪ মাসের এক শিশুকে গতকাল শুক্রবার সকালে জবাই করে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জেরে বাবাই শিশুটিকে বঁটি দিয়ে জবাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার পর পালানোর সময় পুলিশ শিশুটির বাবা মাজেদ মোল্লাকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, মাজেদ পেশায় একজন দিনমজুর। সংসারে অভাব লেগেই থাকত। এ নিয়ে স্ত্রী সীমা আক্তারের সঙ্গে তাঁর প্রায়ই কলহ হতো। গতকাল সকালেও দুজনের ঝগড়া হয়। সকাল সাড়ে নয়টার দিকে ঝগড়ার একপর্যায়ে মাজেদ ঘর থেকে ধারালো বঁটি এনে শিমুলকে বাড়ির উঠানে ফেলে জবাই করেন। এ সময় ছেলেকে বাঁচাতে সাহায্য চেয়ে সীমা চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে শিমুল মারা গেছে।এরপর মাজেদ ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। ওই বাড়ির প্রায় ২০০ গজ দূরেই কসবা মাজাইল পুলিশ ফাঁড়ি। সেখানে খবর দেওয়া হলে কয়েকজন পুলিশ ধাওয়া দিয়ে মাজেদকে ধরে ফেলে। পরে তাঁকে পাংশা থানায় সোপর্দ করা হয়।শিমুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।কসবা মাজাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও মাজেদ মোল্লার প্রতিবেশী ফিরোজ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘মাজেদ ঢাকায় হকারের কাজ করতেন। বেশ কিছুদিন আগে তিনি গ্রামে আসেন। গ্রামে সব দিন কাজ পেতেন না। প্রায়ই তিনি যৌতুকের জন্য বউকে মারধর করতেন। আমরা কয়েকবার সালিসও করেছি।’ফিরোজ বিশ্বাস জানান, মাজেদ নিজের শিশুসন্তানকে জবাই করেছেন বলে তিনি জানতে পেরেছেন।পাংশা থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, ময়নাতদন্ত শেষে শিমুলের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাজেদকে আসামি করে তাঁর স্ত্রী সীমা আকতার একটি হত্যা মামলা করেছেন। এজাহারে মাজেদ একমাত্র সন্তানকে বঁটি দিয়ে জবাই করেছেন বলে উল্লেখ করা হয়েছে। মাজেদকে থানার হাজতে রাখা হয়েছে।