পাইওনিয়ার ফটোগ্রাফার অ্যাওয়ার্ড পেলেন রশিদ তালুকদার
প্রথম বাংলাদেশি হিসেবে পাইওনিয়ার ফটোগ্রাফার অ্যাওয়ার্ড-২০১০ পদকে ভূষিত হয়েছেন বিশিষ্ট ফটো সাংবাদিক রশিদ তালুকদার। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অল রোডস প্রোগ্রামের আওতায় প্রতি বছর বিশ্বের একজন সেরা ফটো সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি আজ রোববার এ কথা জানায়।রশিদ তালুকদারের কাজের মূল অংশ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি। পুরস্কার হিসেবে তিনি সাড়ে ছয় হাজার মার্কিন ডলার পাবেন। এ ছাড়া ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি আগামী ২০ ও ২১ নভেম্বর ওয়াশিংটনে তাঁর আলোকচিত্র নিয়ে একটি বিশেষ প্রদর্শনী করবে।রশিদ তালুকদারের জন্ম ১৯৩৯ সালের ২৪ অক্টোবর। ১৯৬২ সালে দৈনিক সংবাদে আলোকচিত্রী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। ইত্তেফাকে তিনি ২৯ বছর কাজ করেছেন। ৪৬ বছর ধরে তিনি ফটো সাংবাদিক হিসেবে কাজ করছেন। এর আগেও তিনি দেশি ও বিদেশি ৭৫টি পুরস্কার পেয়েছেন।পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে রশিদ তালুকদার আজ প্রথম আলোকে বলেন, ‘এটি কেবল আমার জন্য নয়, বাংলাদেশের জন্য এটি বড় অর্জন। এর আগেও আমি অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির এই পুরস্কারের মর্যাদা অন্য রকম।’