পাইকগাছা পৌরসভার সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী দিনক্ষণ নির্দিষ্টভাবে ঘোষণা না হলেও পাইকগাছা পৌরসভা নির্বাচনকে ঘিরে মেয়র ও কাউন্সিলর পদপ্রত্যাশী নতুন ও পুরোনো প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা প্রতিনিয়ত ভোটারদের কাছে পরিচিত হতে পৌরসভার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটছেন। সরকারি ও বেসরকারি অফিসপাড়া থেকে শুরু করে চা-পানের দোকানসহ হোটেল, রেস্টুরেন্ট—সর্বত্র চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। নির্বাচনকে ঘিরে পৌরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনাও দিন দিন বেড়ে চলেছে। পাইকগাছা পৌরসভায় সম্ভাব্য প্রার্থীরা ঈদ ও পূজা উপলক্ষে পৌরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে চলেছেন। প্রচারের জন্য তাঁরা ব্যানার, প্লাকার্ড, স্টিকার, ঈদ ও পূজার শুভেচ্ছা কার্ডে ব্যবহার করছেন। এ ছাড়া তাঁরা কর্মী-সমর্থক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পৌরসভার উন্নয়নে আগামী দিনে ভূমিকা রাখবেন বলে ভোটারদের আশ্বস্ত করছেন।পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি পাইকগাছা পৌরসভা গঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পৌরসভায় দুবার নির্বাচন হয়েছে। এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রার্থী এবং ভোটারদের মধ্যে মতবিনিময়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। প্রার্থীদের দেওয়া প্রতিশ্রুতির কোনো কমতি নেই। এই নির্বাচনে সম্ভাব্য যাঁদের নাম শোনা যাচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত মেয়র শেখ কামরুল হাসান। তিনি ২০০৮ সালের ২৭ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগদান করেন। নির্বাচিত মেয়র এস এম মাহবুবুর রহমানের মৃত্যুর পর বর্তমানে তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। পৌর নির্বাচনে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি মো. সেলিম জাহাঙ্গীরের নামও শোনা যাচ্ছে। পাইকগাছা পৌর আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবুল হোসেন জোয়ার্দারও পৌর নির্বাচনে শক্তিশালী প্রার্থী বলে এলাকাবাসী জানান। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পাইকগাছা উপজেলার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার মণ্ডল ও প্রভাষ চন্দ্র মণ্ডল সম্প্রতি বিএনপিতে যোগদান করে নির্বাচনের জন্য জোরালো গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।পাইকগাছা পৌরসভার ভোটার মোজাফ্ফর শেখ, আবুল হোসেন, মো. করিমসহ কয়েকজন জানান, তাঁরা চান এমন একটি পৌরসভা, যেখানে দুর্নীতি থাকবে না। জবাবদিহি ও স্বচ্ছতা থাকবে এবং এলাকাবাসীর ইচ্ছার প্রতিফলন ঘটবে।নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত পাইকগাছা পৌরসভায় ভোটার সংখ্যা ১০ হাজার ৫৩২। হাল নাগাদ নতুন ভোটার বেড়েছে ৬ শতাধিক। ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মো. ইদ্রিস গাজী, মো. আজগর গাজী, মো. আলাউদ্দীন গাজী ও সাদেক হোসেন, ২ নম্বর ওয়ার্ডে মো. কাবিল হোসেন, মো. লুৎফর রহমান ও মো. মন্টু, ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রচারণা চালিয়ে যাচ্ছেন মো. আ. লতিফ সরদার, গাজী আবদুস সালাম, মো. আবদুল আজিজ, মোস্তফা মোড়ল, রাজ্জাক সরদার ও রেজাউল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে মো. মোস্তাফিজুর রহমান, মো. তৈয়েবুর রহমান ও গৌরঙ্গ মণ্ডল। ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রচারণা চালিয়ে যাচ্ছেন শেখ আনিসুর রহমান, মো. আতাউর রহমান ও মনিরুজ্জামান মনি। ৬ নম্বর ওয়ার্ডে আ. আজিজ, একরামুল ইসলাম, কামাল আহমেদ ও সেলিম নেওয়াজ। ৭ নম্বর ওয়ার্ডে শেখ মাহবুবর রহমান, শেখ রাজু আহমেদ ও মো. রোকনুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ডে সন্তোষ কুমার সরদার ও কাজী নিয়ামুল হুদা ও কাজী কায়কোবাদ এবং ৯ নম্বর ওয়ার্ডে হেমেশ চন্দ্র মণ্ডল, মোসলেম উদ্দীন আহম্মেদ, ইমদাদুল হক, রঞ্জন কুমার মণ্ডল ও হাবিবুর রহমান কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার পক্ষে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।