পাইকগাছায় দুই গৃহবধূকে হত্যা
খুলনা জেলার পাইকগাছা পৌরসভা এলাকায় দুই গৃহবধূকে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, গতকাল মঙ্গলবার সকালে ওই এলাকার নূর ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী রেশমা বেগমকে (২৪) গলা টিপে এবং স্ত্রীর বান্ধবী প্রতিবেশী মর্জিনা খাতুনকে (২৭) কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনার পর নূর ইসলাম পাইকগাছা থানায় আত্মসমর্পণ করেন।পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর প্রথম আলোকে জানান, নূর ইসলাম ওই দুই গৃহবধূকে খুনের কথা স্বীকার করেছেন। নূর ইসলামের বরাত দিয়ে ওসি বলেন, পারিবারিক কলহের জেরে রেশমার সঙ্গে বেশ কিছুদিন ধরে নূর ইসলামের মনোমালিন্য চলছিল। মর্জিনা তাঁদের কলহে প্ররোচনা জোগাতেন বলে মনে করতেন নূর ইসলাম। গতকাল সকাল নয়টার দিকে নূর ইসলাম ও রেশমার ঝগড়া হয়। এক পর্যায়ে নূর ইসলাম এক সন্তানের মা রেশমাকে গলা টিপে হত্যা করেন। পরে প্রতিবেশী শরিফুলের স্ত্রী মর্জিনাকে তিনি ঘরের বাইরে আসার জন্য চিৎকার করে ডাকতে থাকেন। দুই সন্তানের মা মর্জিনা এক পর্যায়ে ঘরের বাইরে এলে তাঁকে কাঠ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন তিনি। পরে মর্জিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, এ ঘটনায় গতকাল সন্ধ্যায় মামলা হয়েছে।নড়াইল প্রতিনিধি জানান, লোহাগড়া উপজেলার ঈশানগাতি গ্রাম থেকে গতকাল সকালে পারুল বেগম (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত সোমবার রাতে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রথম আলোকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক জানান, নিহতের গলায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে গৃহবধূর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বগুড়া থেকে নিজস্ব প্রতিবেদক জানান, শাজাহানপুর উপজেলার চোপীনগর মণ্ডলপাড়া গ্রামে গতকাল সকালে নাজু বেগম নামের (২০) এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, তাঁকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়। শাজাহানপুর থানার ওসি আনিসুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য গৃহবধূর লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।