পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামে বড় পার্থক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার পাইকারি বাজারে প্রতি কেজি ছোলার দাম মানভেদে ৩৭ থেকে ৩৯ টাকা। খুচরা পর্যায়ে এই পণ্যই কেজিপ্রতি মানভেদে ৪৪ থেকে ৪৭ টাকা করে বিক্রি হচ্ছে। অর্থাৎ এক কেজিতেই খুচরা ব্যবসায়ীরা মুনাফা করছেন সাত থেকে আট টাকা। রমজানের মৌসুমে চাহিদা বেশি এমন পণ্যের একটি হচ্ছে মটর। এই মটরের পাইকারি ও খুচরা দামের মধ্যে পার্থক্য পাঁচ টাকা। পাইকারি দাম ২৩ টাকা, খুচরা ২৮ টাকা।আলু-পেঁয়াজ, ডাল, কাঁচা মরিচ, বেগুনের মতো পণ্যেরও পাইকারি ও খুচরা বাজারের পার্থক্য অনেক। তবে খোলা ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে দামের পার্থক্য বেশি নয়। নগরের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, বিক্রেতারা যে দাম হাঁকেন, মোটামুটি সেই দামেই পণ্য কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। পার্থক্যের বিষয়টি জানেনই না তাঁরা। কোনো কোনো বাজারে মূল্যতালিকা টাঙানো থাকলেও অধিকাংশ বাজারে তা নেই।আবার বাজারভেদে একই পণ্যের দামের মধ্যে অনেক পার্থক্য দেখা গেছে। মোহাম্মদপুর টাউন হল মার্কেট কাঁচা বাজারে পেঁয়াজ ২৬ টাকা কেজি দরে বিক্রি হলেও পান্থপথের বউবাজারে তা ২৮ টাকা। একইভাবে কাঁচা মরিচ কোথাও কেজিপ্রতি ১০০, কোথাও ১২০, কোথাও বা ১৩০ টাকা।বিক্রেতাদের কাছে জানতে চাইলে সবাই বলেছেন, তাঁরা কেজিতে এক থেকে দুই টাকার বেশি লাভ করেন না। অন্য জায়গায় দাম কম—এ কথা বললে সবাই বলেছেন, তাঁদের পণ্য ভালো মানের। এদিকে, গতকাল মঙ্গলবার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির বাজার তদারকি কমিটির সভায় সয়াবিন তেল, পাম সুপার, পাম তেল ও চিনির পাইকারি ও খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।মূল্যতালিকা টাঙানো নেই: মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং কাঁচা বাজারের সামনে ঢাকা সিটি করপোরেশনের মূল্যতালিকা টাঙানোর একটি বোর্ড থাকলেও সেখানে কোনো মূল্যতালিকা নেই। পান্থপথের বউবাজারেও একই অবস্থা। তবে হাতিরপুল ও কারওয়ান বাজারের খুচরা বাজারে মূল্যতালিকায় দাম লেখা থাকতে দেখা গেছে। এর মধ্যে কারওয়ান বাজারে এমন একটি জায়গায় বোর্ড ঝোলানো হয়েছে, যা সহজে চোখে পড়ে না।ঢাকা সিটি করপোরেশনের উপপ্রধান রাজস্ব কর্মকর্তা (বাজার) ইউসুফ আলী সরদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি খোঁজ নেওয়ার কথা বললেন। তিনি জানান, তিনটি পাইকারি বাজার থেকে মূল্য সংগ্রহ করে সকাল ১০টার মধ্যে বাজারগুলোতে পাইকারি ও খুচরা মূল্য লিখে দেন করপোরেশনের কর্মীরা। কেউ দায়িত্বে অবহেলা করছেন কি না, এটি তিনি দেখবেন।ছোলা, মটর, ডাল: পুরান ঢাকার রহমতগঞ্জের রাজ্জাক বিতানের ডাল ব্যবসায়ী ওমর আলী জানান, দুই দিন ধরে তাঁদের বাজারে প্রতি কেজি ছোলা ৩৭ থেকে ৩৯ টাকা, খেসারি ডাল ৩৭ থেকে ৩৮ টাকা ও মটর ডাল ২৩ এবং অ্যাংকর ডাল ২৪ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হয়েছে।মোহাম্মদপুর টাউন হল মার্কেট কাঁচা বাজারের কাজল এন্টারপ্রাইজে গতকাল ছোলা বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪৪ টাকা করে। হাতিরপুল কাঁচা বাজারের লোকমান জেনারেল স্টোরে একই ছোলার দাম আরও বেশি, কেজিপ্রতি ৪৫ থেকে ৪৮ টাকা।একইভাবে কাজল এন্টারপ্রাইজে খেসারির ডাল কেজিপ্রতি ৪৫ টাকা আর লোকমান জেনারেল স্টোরে ৪৮ থেকে ৫০ টাকা করে বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ লোকমান স্টোরে পাইকারি বাজারের তুলনায় ছোলা ও খেসারির ডালের দামের পার্থক্য আট থেকে নয় টাকা। যদিও খুচরা দোকানের বিক্রেতা সুমন দাবি করেছেন, তাঁরা কেজিতে তিন থেকে চার টাকা লাভ করেন।আলু, পেঁয়াজেও একই অবস্থা: শ্যামবাজারের আলু-পেঁয়াজ ব্যবসায়ী মায়ের দোয়া বাণিজ্যালয়ের ব্যবসায়ী কামাল হোসেন জানান, দুই দিন ধরে তাঁদের বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ২০ থেকে ২১ টাকায় বিক্রি হয়েছে। আর মোহাম্মদপুর টাউন হল মার্কেট কাঁচা বাজারের বিক্রেতা দুলাল মিয়া গতকাল দেশি পেঁয়াজ বিক্রি করেছেন ২৬ টাকায়। পান্থপথের বউবাজারের বিক্রেতা রুবেল ইসলাম রেখেছেন কেজিতে আরও দুই টাকা বেশি, ২৮ টাকা। অর্থাৎ প্রতি কেজি পেঁয়াজে পাইকারি পর্যায়ের তুলনায় খুচরা পর্যায়ে দামের পার্থক্য ছয় থেকে সাত টাকা।বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে পণ্য কেনার পর পরিবহন ও অন্যান্য খরচ হিসাবে কেজিতে ৫০ পয়সা থেকে ৭৫ পয়সা অতিরিক্ত খরচ হয়। এই হিসাবে দামের মধ্যে পার্থক্য বেশিই মনে করেন অনেকে।আবার গত দুই দিন পুরান ঢাকার পাইকারি বাজার শ্যামবাজারে প্রতি কেজি আলু নয় টাকা থেকে সাড়ে ১০ টাকায় বিক্রি হয়েছে। অথচ কোনো খুচরা বাজারেই ১৪ টাকা কেজির নিচে আলু পাওয়া যায় না। কোথাও কোথাও ১৫ টাকা করেও আলু বিক্রি হচ্ছে। বেগুন-কাঁচা মরিচের ক্ষেত্রে পার্থক্য আরও বেশি: মোহাম্মদপুর টাউন হল মার্কেট কাঁচা বাজারের সবজি বিক্রেতা সিরাজ প্রতি কেজি লম্বা বেগুনের দাম চেয়েছেন ৫০ টাকা। আর গোল বেগুনের দাম ৪০ টাকা।অথচ পাইকারি বাজারে এর দাম অনেক কম। টাঙ্গাইলের সখীপুর থেকে বেগুন এনে ঢাকায় বিক্রি করেন মোশারফ হোসেন। তিনি জানান, প্রতি কেজি বেগুন তিনি মোকাম থেকে ১২ টাকা ৫০ পয়সা থেকে ১৫ টাকায় কিনেছেন। ঢাকায় তা ১৮ থেকে ২৪ টাকায় বিক্রি করছেন।এই হিসাবে সিরাজ প্রতি কেজি বেগুনে লাভ করছেন শতভাগেরও বেশি। এত বেশি দাম চাইছেন কেন—জানতে চাইলে সিরাজ বলেন, ‘কেন বেশি দাম, কইতে পারুম না। মালিকে কিইন্যা আনছে। এই দামে বেচতে কইছে।’ মালিক কই, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এহন নাই।’হাতিরপুর কাঁচা বাজারের সবজি বিক্রেতা শহীদুল্লাহ একই বেগুনের দাম সিরাজের তুলনায় অনেক কম চেয়েছেন। তিনি লম্বা বেগুনের দাম চেয়েছেন ৩৬ টাকা কেজি। আবার কারওয়ান বাজারের পণ্য তালিকায় কাঁচা মরিচের পাইকারি দাম লেখা আছে ৭০ টাকা। অথচ মোহাম্মদপুর টাউন হল মার্কেট কাঁচা বাজার, হাতিরপুল কাঁচা বাজার, পান্থপথের বউবাজার এমনকি কারওয়ান বাজারেও খুচরা পর্যায়ে কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।তেল-চিনির ক্ষেত্রে পার্থক্য কম: রোজায় বেশি বিক্রি হলেও ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে পাইকারি ও খুচরা মূল্যের মধ্যে পার্থক্য কম।মৌলভীবাজারের ভোজ্যতেল ও চিনি ব্যবসায়ীরা জানান, গতকাল তাঁদের বাজারে প্রতি কেজি সয়াবিন তেল ৭৭ টাকা ১৭ পয়সা, সুপার পাম ৭৩ টাকা ৬৯ পয়সা এবং পাম তেল ৭১ টাকা ৮১ পয়সা করে বিক্রি হয়েছে। কারওয়ান বাজারের সামিয়া স্টোরে সুপার পাম তেল ৭৪ টাকা এবং পাশের একটি দোকানে সয়াবিন তেল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। অর্থাৎ এই দুটি তেলের ক্ষেত্রে পাইকারি ও খুচরা মূল্যের মধ্যে পার্থক্য তিন টাকারও কম।আবার মৌলভীবাজারে দুই দিন ধরে ৪৫ টাকা ১৫ পয়সা কেজিতে চিনি বিক্রি হয়েছে। খুচরা পর্যায়ে বিভিন্ন বাজারে এর দাম ৪৮ টাকা। ভোজ্যতেল ও চিনির সর্বোচ্চ দাম নির্ধারণ: রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গতকাল মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সমিতির বাজার তদারকি কমিটির এক বৈঠকে খুচরা পর্যায়ে খোলা সয়াবিন তেলের দাম কেজিপ্রতি ৮০ টাকা, পাম সুপার তেল ৭৬ টাকা, পাম তেল ৭৩ টাকা নির্ধারণ করা হয়। আর খুচরা পর্যায়ে চিনির সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয় ৪৭ টাকা।বৈঠকে সিদ্ধান্ত হয়, যেকোনো পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সব ব্যবসায়ী তাঁদের নিজস্ব প্রতিষ্ঠানের নামে রসিদ ব্যবহার করবেন। সরকার অনুমোদিত যেকোনো কমিটির কাছে এই রসিদ দেখাতে বাধ্য থাকবেন ব্যবসায়ীরা।