পাইকারি ও খুচরায় মাছের দামে বড় ফারাক
রাজধানীর খুচরা বাজারে একমাত্র লইট্যা মাছের কেজি ২০০ টাকার কম। আর সবচেয়ে বেশি দাম গলদা চিংড়ির। গলদার কাছাকাছি দাম ইলিশের।গতকাল শনিবার হাতিরপুল, নিউমার্কেট ও মোহাম্মদপুর মাছের বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি ও খুচরা বাজারে মাছের দামের পার্থক্য ব্যাপক। তবে কিছু মাছের দাম সব বাজারে সমান।কারওয়ান বাজারের পাইকারি মাছের বাজারে লইট্যা মাছের পাল্লা (পাঁচ কেজি) বিক্রি হয়েছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। কারওয়ান বাজার থেকে হাতিরপুল বাজারের দূরত্ব এক কিলোমিটারের কম। হাতিরপুলের খুচরা বাজারে সেই মাছ বিক্রি হয়েছে ১৩০ টাকা কেজি দরে। কেজিতে লাভ ৫০ টাকার ওপর। নিউমার্কেট ও মোহাম্মদপুরে সেই মাছ যথাক্রমে ১৪০ ও ১৬০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে।পাইকারি বাজারে লইট্যা আর মরা টাকির কেজি বিক্রি হয় ১০০ টাকার কমে। কিন্তু কোনো খুচরা বাজারে ১০০ টাকার নিচে কোনো মাছ বিক্রি হতে দেখা যায়নি। মোহাম্মদপুরে একটি দোকানে বিক্রেতা টাকির দাম চাইলেন ২০০ টাকা কেজি। দরাদরি করতে চেষ্টা করলে জবাব, ‘একদাম। না নিলে যান গা।’পাইকারি ও খুচরা বাজারে ইলিশের চাহিদা ও দাম দুই-ই বেশি। কারওয়ান বাজারে ইলিশ বিক্রি হয় নিলামে। ৮০০ গ্রাম ওজনের এক হালি (চারটি) ইলিশ নিলামে বিক্রি হয়েছে দুই হাজার ৪০০ থেকে তিন হাজার ২০০ টাকা দামে। একটি ইলিশের দাম পড়ে ৬০০ থেকে ৮০০ টাকা। নিলামে আট বা ১২টি ইলিশ একসঙ্গে কিনতে হয়। ওই আকারের ইলিশ মোহাম্মদপুর টাউন হল মার্কেটে প্রতিটি ৯০০ টাকা দামে বিক্রি হতে দেখা গেছে। ওই বাজারে এক কেজি ওজনের ইলিশ এক হাজার ১০০ থেকে এক হাজার ৪০০ টাকা দামে বিক্রি হতে দেখা যায়।সব ধরনের চিংড়ির দাম পাইকারি ও খুচরা বাজারে বেশ চড়া। বাগদা চিংড়ির পাল্লা পাইকারি বাজারে এক হাজার ৬০০ আর হরিণার দাম এক হাজার ২০০ টাকা। নিউমার্কেটে বাগদা কেজি ৫৭০ এবং মোহাম্মদপুরে ৫৫০ টাকা দামে বিক্রি হতে দেখা গেছে। কেজিতে দামের পার্থক্য ২৩০ টাকার বেশি। হাতিরপুল, নিউমার্কেট ও মোহাম্মদপুর তিনটি বাজারে হরিণা চিংড়ির কেজি ৪০০ টাকা দামে বিক্রি হয়েছে। পাইকারি থেকে খুচরায় কেজিতে দামের পার্থক্য ১৬০ টাকা।হাতিরপুল বাজারে সেভ দ্য চিলড্রেনের এক কর্মকর্তা এই প্রতিবেদককে বোঝানোর চেষ্টা করলেন কেন ইলিশের চেয়ে রুই মাছ কেনা জরুরি। তাঁর কেনা দুটি রুইয়ের ওজন চার কেজি ৪০০ গ্রাম। কেজি ৩৫০ টাকা করে। কাইক্যা এক কেজি কিনেছেন ৪০০ টাকা, কাঁচকি এক কেজি ৩০০ টাকা এবং এক কেজি চিংড়ি কিনেছেন ৪০০ টাকা দিয়ে। বললেন, ‘মা থাকেন কুমিল্লায়। সামনে রোজা, তাই কিছু মাছ পাঠাতে হবে।’ আরও বললেন, ‘রাজধানীতে মাছের দাম সবচেয়ে বেশি হাতিরপুলে। খামোখা দাম বেশি এখানে।’বেলা সাড়ে ১১টায় নিউমার্কেট মাছের বাজার প্রায় ক্রেতাশূন্য ছিল। মো. ইউনুস মাছ বিক্রি করছেন ৩০ বছরের বেশি সময় ধরে। বললেন, ‘নিউমার্কেটের অবস্থা খুব খারাপ। খদ্দের আসে না। সব রাস্তা বন্ধ।’একাধিক মাছ বিক্রেতা দাবি করলেন, এই বাজারে মাছের দাম কম। তবে মোহাম্মদপুর গিয়ে দেখা গেল কথাটা ঠিক নয়।সবগুলো বাজারে দুটি বিষয় নজর কেড়েছে। প্রতিটি বাজারে বেলে মাছের কেজি ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর তিনটি বাজারেই দরিদ্রগোছের মানুষ চোখে পড়েনি।কই, শিং, মাগুর, রুই, পাঙাশ, তেলাপিয়া, বেলেসহ আরও অনেক মাছই চাষের। পাইকারি ও খুচরা বাজারের বিক্রেতারা বলেছেন, চাষ হচ্ছে বলে মানুষ মাছ পাচ্ছে। প্রাকৃতিক উৎসের মাছ বাজারে এখন কমই আসে। প্রাকৃতিক উৎসের মাছের দামও বেশি। ইলিশ তাদের পক্ষে উদাহরণ।প্রায় প্রতিটি বাজারে তেলাপিয়া ও পাঙাশ তুলনামূলকভাবে বেশি বিক্রি হতে দেখা গেছে। খুচরা বাজারে তেলাপিয়ার কেজি ২৪০ থেকে ২৫০ টাকা এবং পাঙাশ ৩০০ টাকা দামে বিক্রি হচ্ছে। হাতিরপুল বাজারে প্রায় ২০ মিনিট দামাদামির পর এক দম্পতি ৯০০ টাকা দিয়ে তিন কেজি ৩০০ গ্রাম ওজনের একটি পাঙাশ কিনলেন। পৌঢ় স্বামী বললেন, ‘আজকাল তো আর নদীর পাঙাশ বলে কোনো প্রাণী নেই।’মাছ ব্যবসায়ী নন এমন অনেক মানুষ ভোরবেলা পাইকারি বাজারে আসেন কম দামে মাছ কেনার আশায়। কিন্তু অনেকেই মাছ চিনতে ও কিনতে পারেন না। গতকাল এমনই এক ব্যক্তি এক কেজি পিরানহা কিনলেন ৯০০ টাকা দিয়ে। বিক্রেতা রূপচাঁদা নামে তাঁকে গছিয়ে দিয়েছেন।গতকাল দুপুরে ঝমঝম করে বৃষ্টি শুরু হলে মোহাম্মদপুর মাছের বাজারে ভিড় বেড়ে যায়। রাস্তার সবজি বাজারের ও রাস্তার মানুষ ঢুকে পড়ে মাছের বাজারে। আনন্দে যেন খলবল করে ওঠেন বিক্রেতারা। এই প্রতিবেদক মলার দাম চানতে চাইলে এক বিক্রেতার জবাব: ‘এক দাম ৪২০ টাকা।’ —হাফ কেজি কত?—২০০ টাকা। —দেড় শ টাকা দেই?—মাফ চাই, ভাই।এই মলা মাছই পাইকারি বাজারে সকাল সাড়ে সাতটায় পাল্লা ৯০০ টাকায় বিক্রি হয়েছিল (১৮০ টাকা কেজি)। পাইকারি বাজারে সব মাগুরই চাষের। কিন্তু খুচরা বাজারের প্রতিটি দোকানদারই এগুলোকে বলেন ‘দেশি মাগুর’। পাইকারি বাজারে যে আকারের মাগুরের কেজি ৬০০ টাকা, একই মাগুরের কেজি মোহাম্মদপুর বাজারে ৮০০ টাকা।মোহাম্মদপুর বাজারে দুই প্রৌঢ়া প্রায় পৌনে এক ঘণ্টা ঘুরে কোনো মাছ কিনতে পারেননি বলে জানালেন এই প্রতিবেদককে। শেষে চেউয়া মাছের দাম জানতে চাইলেন এক দোকানে। ২৮০ টাকার কমে কেজি বিক্রি করবেন না বলে সাফ জানান বিক্রেতা। মন খারাপ হয়ে যায় দুই প্রৌঢ়ার।