পাইকারি বাজারে চালের দাম কমছে, প্রভাব নেই খুচরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন মোকাম ও পাইকারি বাজারে চালের দাম কমছে। গত ১০ দিনে পাইকারি বাজারে চালের দাম মানভেদে কেজিতে এক-দুই টাকা এবং মোকামে এক-তিন টাকা কমেছে। তবে এই দাম কমার প্রভাব পড়েনি খুচরা বাজারে।মিলমালিক ও চালের পাইকারি ব্যবসায়ীরা বলেছেন, ভারত থেকে প্রচুর পরিমাণে চাল আমদানি হওয়া এবং বাজারে ক্রেতা না থাকায় চালের দাম কমছে। এ ছাড়া এক মাস পর আমন ধান উঠলে বাজারে চালের সরবরাহ বাড়বে। এ কারণে ব্যবসায়ীরা মজুদ থাকা চাল কম দামে বিক্রি করছেন।বিভিন্ন স্থানের চালের মোকাম ও পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, চালের মজুদ কম থাকে বলে প্রতিবছরই মৌসুম শেষে দাম বাড়ে। তাই বিভিন্ন মোকামে বড় মিলমালিক ও পাইকারি ব্যবসায়ীরা এবার মৌসুমের শুরুতেই প্রচুর ধান-চাল মজুদ করেন। তাঁরা মনে করেছিলেন, ঈদের পর বাজার চাঙা হবে। কিন্তু ভারত থেকে চাল আমদানি হওয়ায় মজুদ করা চাল নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। ফলে এখন কম দামে চাল বিক্রি করছেন।চালের পাইকারি বাজার পুরান ঢাকার বাবুবাজারে গত ১০ দিনে চালের দাম কমেছে কেজিতে এক-দুই টাকা। গত সোমবার প্রতিকেজি মোটা চাল বিক্রি হয় সাড়ে ৩২ টাকায়। অবাছাই স্বর্ণার দাম ৩০ টাকা। এর ১০ দিন আগে এই চাল বিক্রি হতো ৩১ থেকে ৩৩ টাকায়। লতা (বিআর-২৮) চাল বিক্রি হচ্ছে ৩৩ টাকায়। ঈদের আগে তা বিক্রি হতো ৩৭-৩৮ টাকায়। পারিজা বিক্রি হচ্ছে ৩৫-৩৬ টাকায়। এর দাম ছিল ৩৭-৩৮ টাকা। নাজিরশাইল পুরোনো ৫২-৫৩ টাকা, নতুন ৪০-৪২ টাকা। মিনিকেট ৪৩-৪৫ টাকা থেকে কমে ৪০-৪২ টাকায় বিক্রি হচ্ছে। তবে এক-দেড় মাসে খুচরা বাজারে চালের দরে খুব একটা হেরফের হয়নি। বেড়েছে কেবল পুরোনো নাজিরশাইলের দাম। খুচরা বাজারে মোটা চাল ৩২-৩৪, লতা ৩৬-৩৮, পারিজা ৩৬-৪০, নাজিরশাইল ৫৫-৫৬ ও মিনিকেট ৪৪-৪৬ টাকায় বিক্রি হচ্ছে।বাবুবাজারের রশিদ রাইস এজেন্সির স্বত্বাধিকারী মনির হোসেন চালের দাম কমার পেছনে তিনটি কারণ দেখান। তাঁর মতে, ঈদের আগে অনেকের কাছে চাল মজুদ ছিল। এ কারণে এখন অনেকে চাল কিনছে না। দ্বিতীয়ত, ঈদের পর থেকে ভারতের চাল আসায় বাজার পড়ে গেছে। তৃতীয়ত, ভাদ্র মাসে নাজিরশাইল, জিরা ও ব্রি-২৯ চালের একটা ফলন ওঠে। এসব চাল ব্যবসায়ীদের হাতে এসেছে।বেনাপোল স্থলবন্দরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ৯ অক্টোবর পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২৫ হাজার ৮৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এর মধ্যে আগস্টে ৩৮, সেপ্টেম্বর ২১ হাজার ৩৭৪ এবং ৯ অক্টোবর পর্যন্ত তিন হাজার ৬৭৩ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।জানা গেছে, ভারত থেকে মোটা চালই (বাছাই করা স্বর্ণা) বেশি আসছে। এই চাল ২৮-২৯ টাকা কেজি দরে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। নিম্নবিত্ত ও গ্রামের মানুষ এই চাল বেশি কিনছেন।কুষ্টিয়ার সবচেয়ে বড় চালকল রশিদ এগ্রো-প্রোডাক্ট লিমিটেডের মালিক আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘দেশে এবার চালের মজুদ পর্যাপ্ত। দামও স্বাভাবিক ছিল। কিন্তু সেই সময়ে ভারত থেকে চালের অবাধ আমদানি করার সুযোগ দেওয়া সরকারের সঠিক সিদ্ধান্ত ছিল না।’ব্যবসায়ীরা বলেছেন, গত ১৫ দিনে কুষ্টিয়ায় চিকন চালের দাম দুই-তিন এবং মোটা চাল চার-পাঁচ টাকা কমেছে। নওগাঁতেও তিন সপ্তাহ ধরে চালের বাজার কমছে। নওগাঁর মোকামে প্রতি কেজি নতুন পারিজা সাড়ে ২৬ ও পুরোনো পারিজা ২৮ টাকায়, বাছাই করা মিনিকেট ৩৬ টাকা ৮০ পয়সা ও অবাছাই মিনিকেট ৩৪ টাকা ৬৬ পয়সায় বিক্রি হচ্ছে। দিনাজপুরের মোকামে প্রায় সব ধরনের চালের দাম কমেছে তিন-চার টাকা।