পাইকারি বিচারক নিয়োগের ঘটনা ঘটেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা আইনজীবীরা একটি পরিবার। উচ্চ আদালতে আমাদের ১৫০ জন আইনজীবী সনদ পেতে যাচ্ছেন, তার মধ্যে ১০ থেকে ১২ জন নারী আইনজীবীও রয়েছেন। এ নারী আইনজীবীদের আমরা বিশেষভাবে স্বাগত জানাই। আইন-পেশায় ও বিচার বিভাগের নারী প্রতিনিধিত্বের বিষয়টি নিয়ে আমরা গর্ব করি। এখন বিদেশে গেলে যদি কেউ প্রশ্ন করে, তোমাদের উচ্চ আদালতে কতজন নারী বিচারপতি আছেন? এর উত্তরে বলতে পারি, ছয়জন নারী বিচারপতি আছেন আমাদের হাইকোর্টে। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। এটা আমাদের উন্নতিরও একটি দিক। এদিকে অনেক উন্নতি হয়েছে আমাদের। আমি যখন বারে যোগ দিই, একজন মহিলা আইনজীবী আমাদের সহকর্মী ছিলেন। তখনকার সময়ের ঢাকা হাইকোর্টের কথা আমরা চিন্তা করি। তখন তো প্রাদেশিক হাইকোর্ট ছিল।আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ—কেউ কারও অধীনে নয়। সবাই নিজের নিজের মর্যাদা নিয়ে দায়িত্ব পালন করে। আদালতের প্রতি শ্রদ্ধা নিয়ে দায়িত্ব পালন করে। উচ্চ আদালত একটা মৌলিক স্তম্ভ। আমি এটাকে বিশেষ করে জনগণের দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবেই বলি। স্বাধীন বিচার বিভাগ এমনিতেই আসেনি। এই যে সংগ্রামের কথা বললাম, এতে অষ্টম সংশোধনী মামলা হলো বিচার বিভাগের জন্য মাইলফলক। এটা নিয়ে আমরা সবাই গর্ব করতে পারি। একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল সামরিক শক্তি দিয়ে। সেটা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা পুনরায় প্রতিষ্ঠা করেছি। বাংলাদেশের আইনজীবী কী সরকারি, কী বিরোধী দল আইনজীবী হিসেবে যখন আঘাত আসে, তাঁদের ব্যক্তি ওপরে না প্রতিষ্ঠানের ওপরে, আইনের শাসনের ওপরে, সংবিধানের ওপরে আসে বলেই মনে করে। তখন তাঁরা সবাই এক হয়ে একটা অবস্থান নেন। আন্দোলনের মধ্য দিয়ে কোর্ট ভাঙা যেটা শুরু হয়েছিল, এ ব্যাপারে আমরা শক্ত অবস্থান নিয়েছিলাম। জেলায় জেলায় আমাদের প্রতিটি বারে বারে গিয়ে মীমাংসা করতে হয়েছে। আমাদের আইনজীবী, সংবিধান, সুপ্রিম কোর্টের ওপর আঘাত এসেছে। আর আমি গর্ব করে বলতে পারি যে আমরা মিছিল করছি। আমাদের জজ সাহেবরা এ আন্দোলনে শরিক হয়েছিলেন। এটা অন্য কোনো কিছুর পাওয়ার আন্দোলন ছিল না। এটা সংবিধানকে রক্ষা করার আন্দোলন। আর আন্দোলন করে আমরা রায় নিয়েছি। এটা কোনো জোর-জবরদস্তি করে না। আপিল বিভাগে যখন ১৭ দিন যুক্তিতর্ক শেষে ঘোষণা করা হলো যে এখন রায় হবে। কোর্ট নম্বর এক জনারণ্যে ভরে গেছে, কোর্টের বারান্দা আইনজীবীদের পদচারণে ভরে গেছে। একটা অসাধারণ পরিবেশের সৃষ্টি হয়েছিল। বদরুল হায়দার চৌধুরী তখনকার প্রধান বিচারপতি। তিনি এবং বিচারপতি রহমান, সাহাবুদ্দীন সাহেব, আফজাল সাহেব আদালতে ঢুকলেন। যখনই প্রধান বিচারপতি বলেছেন, আপিল অ্যালাউড। সুপ্রিম কোর্ট উইল বি রিস্টোর্ড। করতালি দিয়েছে সবাই। সবাই একে সাধুবাদ জানিয়েছিলাম। আমাদের উচ্চ আদালতে এর পরে অনেক ঘটনা ঘটেছে। বিশেষ করে পাইকারি বিচারপতি নিয়োগের ঘটনা ঘটেছে। আমরা অনেক আন্দোলন করেছি এ নিয়ে অতীতে। ২০০৯ সালে আপিল বিভাগ যে রায় দিলেন, বিচারপতি নিয়োগে এখানে সুচিন্তিত মতামত দিয়েছেন আদালত। এটাকে ধরে ভবিষ্যতে এগোতে হবে। এ রকম কোনো ক্ষতি হলে এ মতামতকে সামনে রেখেই সিদ্ধান্ত নিতে হবে। ভবিষ্যতে আর কোনো সমস্যা সৃষ্টি হলে কীভাবে সমাধান করতে হয় আইন ও সংবিধানকে সামনে রেখে, এটাই ভাবতে হবে। এখানে কোনো দলীয় চিন্তা থেকে নয়, বরং সংবিধানকে রক্ষা করার চিন্তা ও প্রতিষ্ঠানকে রক্ষা করার চিন্তা করতে হবে। বারকে যত সম্ভব ঐক্যবদ্ধ করার চিন্তা করতে হবে এবং ঐক্যবদ্ধ রাখতে হবে। একটি পরিবারের মধ্যে নানা বিষয়ে বিরোধ হয়। তাই বলে যাঁরা দায়িত্ব নিয়ে কাজ করেন, তাঁরা ভবিষ্যতে ওই বিভেদগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন। সমস্যা থাকলে তার সমাধানের লক্ষ্য নিয়ে সামনে এগোতে হবে। সুপ্রিম কোর্টের এ রায়ের তৃতীয় প্যারায় বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা উল্লেখ আছে। এতে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এটা সামনে রেখে সমস্যার সমাধান করা সম্ভব। আর ভবিষ্যতে আশা করব, এটা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। এখানে বাধ্যতামূলক প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারপতি নিয়োগের কথা বলা হয়েছে। এ স্বচ্ছ প্রক্রিয়াকে প্রাধান্য দিতে হবে। এখন যা কিছু হয়েছে আমি আশা রাখব, পরিবারের মধ্যে কিছু হলে আমাদের একত্রে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এত অসহায় না যে আমরা এটার কোনো সমাধানে আসতে পারব না। আমরা একটি গঠনমূলক উপায়ে সামনের দিকে এগোতে পারি।২৮ এপ্রিল আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের অংশবিশেষ অনুলিখন  রেজাউল রুমী