পাইকারিতে ছোলার তিন দর, খুচরায় এক দর
দেশের ডাল ও ছোলার বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, ঢাকার রহমতগঞ্জ ও নারায়ণগঞ্জে এখন ছোলা বিক্রি হচ্ছে তিন দরে। তবে খুচরা বাজারে সব জায়গায় প্রায় এক দরেই ছোলা বিক্রি হচ্ছে।চার-পাঁচ দিন ধরে তিন পাইকারি বাজারেই ছোলার দাম কমেছে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত। কিন্তু খুচরা দোকানে এর কোনো প্রভাব নেই। বিক্রেতারা আগের মতো চড়া দামেই ছোলা বিক্রি করে চলেছেন।আবার খুচরা দোকানে টানানো মূল্যতালিকার চেয়ে বেশি দামে ছোলা বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা বেশি দামে এই ছোলা কেনার সেই পুরোনো অজুহাতই দিচ্ছেন।পাইকারিতে কমেছে: ৪ আগস্ট ঢাকার রহমতগঞ্জ, নারায়ণগঞ্জ ও খাতুনগঞ্জে অস্ট্রেলিয়ার ছোলা বিক্রি হয় ৬২ থেকে ৬৩ টাকায়। উন্নতমানের মিয়ানমারের ছোলার দর ছিল তখন ৮২ থেকে ৮৫ টাকা। আর ইথিওপিয়ার ছোলা ৬৯ থেকে ৭০ টাকা।কিন্তু নারায়ণগঞ্জে গতকাল বুধবার সাধারণ মানের অস্ট্রেলিয়ার ছোলা বিক্রি হয়েছে ৫৮ থেকে ৬০ টাকায়, মিয়ানমারের ছোলা ৭৫ থেকে ৭৬ টাকা এবং ইথিওপিয়ার ছোলা ৬৬ থেকে ৬৭ টাকা কেজি বিক্রি হয়েছে।তবে রহমতগঞ্জের বাজারে অস্ট্রেলিয়ার ছোলা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ ও ইথিওপিয়ার ছোলা ৬৯ থেকে ৭১ টাকা। দামের বড় পার্থক্য রয়েছে মিয়ানমারের ছোলার ক্ষেত্রে। এই ছোলা বিক্রি হচ্ছে ৮৪ থেকে ৮৫ টাকায়।খাতুনগঞ্জের ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ার ছোলা ৫১ থেকে ৫৬ টাকা, মিয়ানমারের ছোলা ৭৫ এবং ইথিওপিয়ার ছোলা ৬৪ থেকে ৬৫ টাকায় বিক্রি করছেন।দামের ভিন্নতার বিষয়ে আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সব ছোলা একই সময়ের না। কোনো ছোলা আগের কেনা, পরে বিক্রি হচ্ছে। আবার কোথাও চাহিদা কম থাকায় বিক্রি বাড়ানোর জন্য দামও কমিয়ে দিয়েছেন। তাই একেক বাজারে দাম একেক রকম।নারায়ণগঞ্জ জেলা ডাল ভুসা মাল ব্যবসায়ী মালিক গ্রুপের নির্বাহী পরিচালক বিকাশ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, এখন বাজারে আর তেমন ক্রেতা নেই। রমজান মাসের চাহিদামতো ছোলা ইতিমধ্যে খুচরা ব্যবসায়ীরা সংগ্রহ করেছেন। তাই বাজার এখন কমতির দিকে। ছোলার দাম দুই-চার দিনের মধ্যে আরও কমবে।খুচরায় চড়া: পাইকারিতে ছোলার দাম যতই কমুক, খুচরা দোকানে এর রেশ নেই। সেখানে ছোলার দাম আকাশছোঁয়া। তবে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে একটি জায়গায় বেশ মিল। পাইকারিতে ভিন্নতা থাকলেও খুচরা দোকানে প্রায় একই দামে ছোলা বিক্রি হচ্ছে।খুচরা বিক্রেতারা অস্ট্রেলিয়ার ছোলা ৭০ থেকে ৭৫, মিয়ানমারের ছোলা ৯০ থেকে ৯৫, ইথিওপিয়ার ছোলা ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি করছেন। কোনো কোনো দোকানে এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে।আর সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, রাজধানীর খুচরা বাজারে ছোলার দাম এখন ৬৬ থেকে ৯০ টাকা।মূল্যতালিকার বালাই নেই: রাজধানীর বাজারগুলোর দোকানে বিভিন্ন নিত্যপণ্যের সরকার নির্ধারিত মূল্যতালিকা টানানো হয়েছে। তালিকায় ৬৫ টাকায় ছোলা বিক্রির কথা বলা হয়েছে। কিন্তু মোহাম্মদপুর টাউন হল ও কৃষি মার্কেট, হাতিরপুল, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারের দোকানে গতকাল তালিকার চেয়ে অনেক বেশি দামে ছোলা বিক্রি করতে দেখা গেছে।ছোলা বিক্রির দর ৬৫ টাকা হলেও সাধারণ মানের অস্ট্রেলিয়ার ছোলাই বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৬৮ টাকায়। বিক্রেতারা এর সর্বোচ্চ দাম হাঁকছেন ৭৫ টাকা। ইথিওপিয়ার ছোলা বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। আর মিয়ানমানের ছোলা তো লুকিয়েই ফেলেছেন বিক্রেতারা। ক্রেতারা একটু ভালো ছোলা চাইলে তা বের করে দেন। দাম চাইছেন, ৯০ থেকে ৯৫ টাকা।