পাইবাস বিদায়ের অন্তরালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাদুকর কখনো জাদু দেখানোর পর বলে দেন না, জাদুটা ছিল একটা ফাঁকি। লাল রুমাল যে সাদা কবুতর হয়ে বেরিয়ে এল, সেই কবুতর বাক্সের ভেতর কী কৌশলে লুকিয়ে রাখা ছিল, বাক্স খুলে সেটা তিনি দর্শকদের দেখিয়ে দেন না।খবরের পেছনের খবরে কোনো ফাঁকি থাকে না। খবরের পেছনের কাহিনি বলাই যায়। তবে বলা যাবে না সূত্রের কথা। যে সূত্র প্রতিবেদককে আস্থায় নিয়ে বৃহত্তর কোনো স্বার্থে প্রতিষ্ঠানের গোমর ফাঁস করে দেন, তাঁর নাম মুখে আনতে মানা। সূত্রকে আগলে রাখা প্রতিবেদকের দায়িত্ব।রিচার্ড পাইবাস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেন গত জুনে। প্রথমে জিম্বাবুয়ে সফর। এরপর আয়ারল্যান্ড, হল্যান্ড, ত্রিনিদাদ এবং সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকায় স্থায়ী এই ইংলিশ বংশোদ্ভূত কোচ। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে রিচার্ড পাইবাস শুরু থেকেই একটা রহস্যের নাম।বাংলাদেশকে বুঝতে তিনি দুই দিনের জন্য ঢাকায় এসে ঘুরে গেলেন। এরপর কেবলই অপেক্ষা। পাইবাস ‘হ্যাঁ’ বলবেন, নাকি ‘না’? গুঞ্জন ভাসছিল, বাংলাদেশ দলের দায়িত্ব নিতে বিসিবিকে নাকি কঠিন কঠিন সব শর্ত দিচ্ছেন এই কোচ। আগের কোচের চেয়ে বেশি বেতন তো দিতেই হবে, দেশে যাওয়া-আসার জন্যও দিতে হবে আগের কোচের চেয়ে বেশি বিমান টিকিট। এমনকি পরিবারের সদস্যদের বাংলাদেশে যাওয়া-আসার বিজনেস ক্লাস টিকিটও। আর যদি পরিবার ঢাকায় থাকতে মনস্থির করে, তা হলে সন্তানদের পড়ার খরচ। দিতে হবে ‘আন লিমিটেড’ ছুটি।শেষ পর্যন্ত বিসিবি ঘোষণা দিল, বাংলাদেশ দলের কোচ হতে রাজি পাইবাস। কিন্তু নিজের দেওয়া শর্তগুলোর ব্যাপারে শুরু থেকেই যে রকম অনড় ছিলেন, সেসব থেকে তো সরে আসার কথা নয় তাঁর! তা হলে কি বিসিবিই ছাড় দিল? সম্ভাবনার দিক দিয়ে এটাই বেশি জোর পাচ্ছিল। কারণ, বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল যেকোনো মূল্যে পেতে চেয়েছিলেন পাইবাসকে। বোর্ড চাচ্ছিল একটা বড় নাম এবং ওই মুহূর্তে সম্ভাব্য কোচ হিসেবে রিচার্ড পাইবাসের চেয়ে বড় নাম হাতে ছিল না।পাইবাস বাংলাদেশ দলের কোচ হয়ে গেলেন কিছু রহস্য অমীমাংসিত রেখে। কিন্তু রহস্যের মীমাংসা তো তাঁর কোচ হওয়ার পরও করা সম্ভব! ধারাবাহিক কৌতূহলের অংশ হিসেবেই বিসিবির এক কর্মকর্তাকে একদিন এই প্রতিবেদক সবজান্তার মতো বললেন, ‘আপনারা এটা না করলেও পারতেন। পাইবাসের মতো কোচকে এত সুবিধা দিয়ে নিয়ে এলেন! কী এমন কোচ উনি?’ কর্মকর্তা ডানে-বামে কাটার চেষ্টা করেন। শেষ পর্যন্ত বলে ফেললেন, ‘কোথায় আমরা এত সুবিধা দিয়েছি? এখনো তো চুক্তিই সই হয়নি!’পাইবাস কোচ হয়ে আসার মাসখানেক পরের ঘটনা এটা। এরপর থেকেই প্রতিবেদক নিয়মিত খোঁজ রেখেছেন চুক্তি সই হয়েছে কি না। প্রতিবারই একই তথ্য—চুক্তি সই হয়নি। পাইবাসের গতিবিধির ওপরও নজর ছিল। বিদেশ সফর থেকে দলের সঙ্গে বাংলাদেশে না ফিরে প্রতিবারই চলে যাচ্ছেন পরিবারের কাছে। খোঁজ নিয়ে জানা যায়, এসব ছুটি অলিখিত। বোর্ডের কারও কাছ থেকেই ছুটি অনুমোদন করাচ্ছেন না কোচ। এসব নিয়ে তখনই প্রতিবেদন করা যেত। করা হয়নি সূত্রের অনুরোধে। পাইবাস সামলাতে আরেকটু সময় চাচ্ছিল বিসিবি।কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লাগল চূড়ান্ত গোলমাল। দলের সঙ্গে এবার ঢাকায় ফিরলেও দুই দিন থেকেই চলে যান দক্ষিণ আফ্রিকায়। যাওয়ার আগে জাতীয় দলের অদ্ভুত কোচিং পরিকল্পনা নিয়ে বিরোধিতার মুখে পড়েন বোর্ডের। কোচ দক্ষিণ আফ্রিকায় থাকাকালীনই তাঁকে না জানিয়ে সাকলায়েন মুশতাকের স্পিন বোলিং ক্যাম্প আয়োজন করে বিসিবি। পাইবাস সেটি বন্ধ করতে বললেও বন্ধ হয়নি।কোচ নিজে দূরে সরে থেকে চাচ্ছেন জাতীয় দলের অনুশীলন চলুক একাডেমির কোচের তত্ত্বাবধানে, কোচের অমত সত্ত্বেও চলছে সাকলায়েনের ক্যাম্প। কেউ বলতে পারে না কোচ কার কাছ থেকে ছুটি নিয়েছেন, কবে ফিরবেন, ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে বোর্ড—সব সভাতেই চলছে তাঁর মুণ্ডুপাত। এরপর আর কী লাগে! এমন তিক্ত সম্পর্কে চুক্তি সইয়ের পরিবেশ কোথায়?গত ৬ অক্টোবর তাই প্রতিবেদনটি করার সিদ্ধান্ত চূড়ান্ত হলো। বিসিবির আরেক কর্মকর্তা সেদিন চূড়ান্তভাবে নিশ্চিত করেন, পাইবাস চুক্তিতে সই করেননি তখনো। সই না করার কারণ, বিসিবির দেওয়া ৪৫ দিনের ছুটির শর্ত তিনি মানেন না। চান আরও অনেক বেশি ছুটি। খেলা না থাকার সময়টাতে থাকবেন পরিবারের কাছে গিয়ে।পাইবাস যে চুক্তিতে সই করছেন না, সেটা চার মাস ধরেই নজরে ছিল। কিন্তু তথ্যকে অকাট্য সংবাদ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই সংশ্লিষ্ট কারও জোরালো সমর্থনসূচক বক্তব্য। সেটাও পাওয়া গেল বিসিবির এক পরিচালকের কাছ থেকে। নাম প্রকাশে নিষেধাজ্ঞা না দিয়েই বললেন, ‘ও (পাইবাস) সিগনেচার করছে না। চুক্তিটা তাই পেন্ডিং আছে।’পরের ঘটনাপ্রবাহ সবারই জানা। যার উপসংহার, পাইবাসের বাংলাদেশে আর না আসার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের পেছনে থাকা অনেক কারণের সঙ্গে চুক্তি বা চুক্তি না করা সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে যাওয়ার অভিযোগও আছে।পাইবাসের সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য দুর্ভাগ্যজনক হতে পারে, কিন্তু সংবাদমাধ্যমেরই বা কি করার আছে? খবর প্রকাশই যে সংবাদমাধ্যমের কাজ, খবর ধামাচাপা দেওয়া নয়।