পাইরেট বে-র প্রতিষ্ঠাতা ভার্গ গ্রেপ্তার
জনপ্রিয় ফাইল-বিনিময় ওয়েবসাইট পাইরেট বে-র অন্যতম প্রতিষ্ঠাতা পার গোটিফ্রেড ভার্থল্ম ভার্গকে আজ রোববার গ্রেপ্তার করেছে কম্বোডিয়ার পুলিশ। বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে দেশটির পুলিশের বরাত দিয়ে বলা হয়, সুইডেনের নাগরিক ভার্গের বিরুদ্ধে জারি করা আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে তাঁকে নমপেন থেকে আটক করা হয়।এর আগে কপিরাইট আইন ভঙ্গ করার অপরাধে এক বছরের কারাদণ্ড হয় ভার্গের। কারা ভোগ করার জন্য তাঁর সুইডেনে উপস্থিত থাকার কথা। কিন্তু সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ার পর সুইডেন সরকার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।পাইরেট বে-র তিনজন প্রতিষ্ঠতার অন্যতম ভার্গ দাবি করে আসছেন, ওয়েবসাইটটি চালু করে তিনি কোনো আইন ভঙ্গ করেননি। কম্বোডিয়া পুলিশের মুখপাত্র কির্থ চান্থারিথ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত এক মামলায় ভার্গের সংশ্লিষ্টতার কারণে সুইডেন সরকারের অনুরোধে তাঁকে আটক করা হয়েছে।’কির্থ চান্থারিথ বলেন, ‘সুইডেনের সঙ্গে আমাদের কোনো বন্দিবিনিময় চুক্তি নেই। আমরা আমাদের আইন মেনে চলব, দেখি কীভাবে এ সমস্যার সমাধান করা যায়।’সুইডেনে ভার্গের আইনজীবী ওলা সালোমনসন তাঁর গ্রেপ্তার হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। কপিরাইন আইন ভঙ্গ করতে অপরকে উত্সাহিত করার অপরাধে ২০০৯ সালে ভার্গ পাইরেট বে-র আরও দুই প্রতিষ্ঠাতা ফ্রেডরিখ নেইজ ও পিটার সনডেন এবং লগ্নিকারী কার্ল লান্সট্রোম দোষী সাব্যস্ত হন।ছয় বছর আগে সুইডেনে ওয়েবসাইটি বন্ধ করে দেওয়া হলেও এখনো এটির কর্মকাণ্ড চালু আছে। ২০০৩ সালে সাইটটি প্রতিষ্ঠা করা হয় এবং বিশ্বজুড়ে এর ব্যবহারকারীর সংখ্যা তিন কোটির বেশি। সাইটটি তার সার্ভারে কোনো চলচ্চিত্র, বই, গান বা ছবি রাখে না, তবে এসব ফাইল বিনিময়ের জন্য প্রয়োজনীয় টোরেন্ট সরবরাহ করে থাকে।