পাইরেসি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, পরিচালক, প্রযোজক ও চলচ্চিত্রের কলাকুশলীদের শিল্পকর্মের অডিও ও ভিডিও পাইরেসি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।কপিরাইট আইন কার্যকর এবং পাইরেসি বন্ধের নির্দেশনা চেয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার ও মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী গত মে মাসে হাইকোর্টে একটি রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ২৩ মে আদালত রুল জারি করেন। আজ রুল (অ্যাবসলিউট) গ্রহণ করে রায় দেন আদালত।রায়ে আদালত সিনেমা ও সংগীতসহ বিভিন্ন শিল্পকর্মের পাইরেটেড অডিও ও ভিডিও কপি জব্দের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দোষীদের গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। সিডিআর ও ডিভিডিআর ব্যবহার করে সংগীত ও চলচ্চিত্র কর্ম পাইরেসি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতেও বলা হয়। এ ছাড়া হাইকোর্টের রায়ের নির্দেশনা অনুুসারে পাইরেসি বন্ধে নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতি তিন মাস পরপর প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বলা হয়েছে।বাণিজ্যসচিব, অর্থসচিব, সংস্কৃতিসচিব, শিল্পসচিব, বিজ্ঞান ও প্রযুক্তিসচিব, তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, কপিরাইট বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী শুনানি করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী এ কে এম রবিউল হাসান। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার।