পাইরেসি বন্ধে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হবে না: হাইকোর্ট
পাইরেসি বন্ধে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হবে না এবং পাইরেটেড কপি জব্দের কেন নির্দেশ দেওয়া হবে না—জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। একই সঙ্গে কপিরাইট আইন অনুযায়ী পাইরেসি বন্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এক মাসের মধ্যে প্রতিবেদন আকারে জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন আজ রোববার এ আদেশ দেন।মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী এবং বাংলাদেশ ফিল্ম প্রোডিউসার, ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মাজহারুল আনোয়ার রিটটি করেন।আগামী তিন সপ্তাহের মধ্যে বাণিজ্যসচিব, অর্থসচিব, সংস্কৃতিসচিব, শিল্পসচিব, বিজ্ঞান ও প্রযুক্তিসচিব, তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, কপিরাইট বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে জবাব দিতে বলা হয়েছে।বাদীপক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং এ কে এম রবিউল হাসান।