এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক রুমালী। হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। নাটকটির নাম-ভূমিকায় অভিনয় করছেন সারিকা। কথা হলো তাঁর সঙ্গে।আপনি এখন ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন?যা করছি, সেটা খুবই কম। আসলে এক ঘণ্টার নাটকে কাজ করতে বেশি ভালো লাগে। আর বিজ্ঞাপনচিত্র তো আছেই। তবে আমি যে দুটি ধারাবাহিকে অভিনয় করছি, দুটিই হুমায়ূন আহমেদের। এর মধ্যে একটি পরিচালনা করছেন অনিমেষ আইচ, নাম গাড়ি চলে না। ১৩ পর্বের এই নাটকটি বিটিভিতে দেখানো হবে। আর অন্যটি অরুণ চৌধুরীর রুমালী। ‘রুমালী’ নাটকে কাজ করতে কেমন লাগছে?আগেই বলে রাখি, এই চরিত্রটিতে আমার আগে কিন্তু আরও একজন অভিনয় করেছেন। আমি মনে করি, তিনি যথেষ্ট ভালো করেছেন। আমাকে যখন এই চরিত্রটিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হলো, তখন তা একটা বড় চ্যালেঞ্জ বলে মনে হলো। তাই শুটিংয়ে আমার জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করছি। এ পর্যন্ত ছয় দিন শুটিং করেছি। খুব ভালো লেগেছে। এখানে সুবর্ণা মুস্তাফার সঙ্গে অভিনয় করছি। এর আগে টিভিতে তাঁর অনেক কাজ দেখেছি। তাই অভিনয় শুরুর আগে বেশ ভয় পেয়েছিলাম।নাটকটিতে কাজ করার কোনো ঘটনার কথা বলুন।আমরা কাজ করেছি মানিকগঞ্জে। তখন ছিল তীব্র শীত। কিন্তু গল্পে তো শীতের কাপড়ের কথা নেই। বুঝতেই পারছেন, শুটিংয়ের সময় শীতে ঠকঠক করে কাঁপছিলাম। আবার তখন আমার দাঁতের একটু সমস্যা ছিল। ওটার জন্য প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আপনি আগে বলেছিলেন পড়াশোনার জন্য যুক্তরাজ্যে যাবেন।ওই পরিকল্পনা এখন বাদ দিয়েছি। দেশেই পড়াশোনার কথা ভাবছি। অনেক দিন ধরে পাইলট হওয়ার স্বপ্ন দেখছি। এখানেই ফ্লাইং ক্লাবে ভর্তি হব, নয়তো অন্য কোনো বিষয় নিয়ে পড়ব।এখন কী কাজ করছেন?আজ (গতকাল বৃহস্পতিবার) রাতে কক্সবাজার যাচ্ছি। আশরাফি মিঠুর সবুজ দ্বীপের রূপকথা নাটকের কাজ করব। ফিরে এসে অনিমেষ আইচের একটা নাটক করব। আক্তারুজ্জামান ইলিয়াসের গল্প নিয়ে তিনি নাটক বানাচ্ছেন। নাম প্রেমের গপ্পো। এ ছাড়া সকাল আহমেদের আলো আঁধারেতে কাজ করছি।