পাইলটদের কর্মবিরতি নিয়ে তদন্ত, বিমানে অস্থিরতা
‘পাইলটদের কর্মবিরতির কারণ উদ্ঘাটন’-এর তদন্তকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নতুন অস্থিরতার সৃষ্টি হয়েছে। গত অক্টোবরে ধর্মঘটে যাওয়া এবং ‘গণ-অসুস্থতার’ কারণে অর্ধশতাধিক পাইলটকে তদন্ত কমিটি নোটিশ দিয়ে বক্তব্য জানতে চেয়েছে।পাইলটদের অভিযোগ, তদন্তের নামে মূলত কিছু পাইলটকে চাকরিচ্যুত করার পাঁয়তারা করা হচ্ছে। তাই তাঁদের সংগঠন বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) কোনো প্রতিনিধি তদন্ত কমিটিতে রাখা হয়নি। তাঁরা নিরপেক্ষ কোনো প্রতিষ্ঠান দিয়ে তদন্ত দাবি করছেন।বাপার কর্মকর্তাসহ কয়েকজন জ্যেষ্ঠ পাইলট প্রথম আলোকে বলেন, আটজন পাইলটকে অভিযুক্ত করে আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে এবং তাঁদের চাকরিচ্যুত করা হবে বলে এরই মধ্যে খবর বেরিয়েছে। ৫০ জনের বেশি পাইলটকে নোটিশ করা হয়েছে, কেন তাঁরা অক্টোবরে ‘অসুস্থতার’ কারণে কাজে যোগ দেননি। এ অবস্থায় পাইলটদের মধ্যে নতুন অস্থিরতার সৃষ্টি হয়েছে। এ রকম মানসিক চাপের মুখে তাঁদের পক্ষে বিমান চালনা ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন এসব পাইলট।বিমানের ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর (অব.) জাকীউল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আগে থেকে কোনো ধারণা বা সিদ্ধান্ত নিয়ে কোনো তদন্ত করা হচ্ছে না। তাঁর দাবি, কাউকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করতে কমিটি করা হয়েছে, এমন অভিযোগ ঠিক নয়।বিমান সূত্র জানায়, চাকরির বয়সসীমা বাড়ানোর ক্ষেত্রে কিছু শর্তকে কেন্দ্র করে পাইলটরা আন্দোলনে নামেন। বয়স বৃদ্ধির প্রশাসনিক আদেশ বাতিলের দাবিতে গত ২২ থেকে ২৯ অক্টোবর তাঁরা ধর্মঘটে যান। এ সময় তাঁরা অসুস্থতার কারণ দেখিয়ে ফ্লাইট পরিচালনা থেকে বিরত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পাইলটরা কাজে ফিরে যান।এ ঘটনায় ৪ নভেম্বর কর্তৃপক্ষ ‘বৈমানিকদের কর্মবিরতির কারণ উদ্ঘাটন ও সংশ্লিষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণ’ করতে বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশনস) ক্যাপ্টেন শেখ নাসেরকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ২১ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে।কমিটির একটি সূত্র জানায়, তদন্ত এখনো শেষ হয়নি। তাই প্রতিবেদন জমা দেওয়ার সময় দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।এদিকে তদন্ত কমিটিতে বাপার প্রতিনিধি না রাখায় তদন্ত বাতিলের দাবি জানিয়ে গত ১৫ নভেম্বর বিমান কর্তৃপক্ষকে চিঠি দেয় বাপা। চিঠিতে বলা হয়েছে, ‘বাপা সদস্যগণ কোনো তদন্তে কিংবা অনুসন্ধান কার্যক্রমে যোগ দিলে অবশ্যই বাপা থেকে একজন প্রতিনিধি রাখার বিধান আছে। এ ক্ষেত্রে এই তদন্ত শুরু করার আগে কিংবা চলাকালে কোনো প্রতিনিধি না রাখার বিষয়টি বাপার সঙ্গে বিমানের সম্পাদিত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।’এ ব্যাপারে বিমানের এমডি জাকীউল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ধরনের তদন্তে বাপার প্রতিনিধি রাখার কোনো নিয়ম নেই। বিমান দুর্ঘটনাজনিত কারণ অনুসন্ধান বা নির্দিষ্ট কিছু তদন্তকাজে পাইলটদের রাখার নিয়ম আছে।বাপার চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিষয়টি যখন পুরোপুরি নিষ্পত্তি হয়েছে, তখন এ ধরনের তদন্ত নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি এ বিষয়ে কোনো ধরনের বিভাগীয় তদন্তের নির্দেশ দেননি। বরং পাইলটদের নির্ভয়ে কাজ করার নির্দেশ দেন এবং ঘটে যাওয়া বিষয়টি তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন।এ ব্যাপারে বাপার কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বা নাম প্রকাশ করে কিছু বলতে রাজি হননি। কারণ হিসেবে তাঁরা প্রথম আলোকে বলেন, এসব বিষয়ে গণমাধ্যমের সঙ্গে পাইলট নেতাদের কথা বলতে নিষেধ করা হয়েছে। এর আগে বাপার সাধারণ সম্পাদক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলায় তাঁকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ ও সতর্ক করা হয়েছে।বাপার এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী বিমান মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সমন্বয়ে কমিটি গঠন করে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছিলেন। তাই তাঁরা আস্থা নিয়ে কাজে যোগ দিয়েছেন। কিন্তু এখন কারণ অনুসন্ধানের নামে পাইলটদের চাকরিচ্যুতির চেষ্টা চলছে। এ অবস্থায় সবাই আতঙ্কিত।বাপার নেতারা জানান, কোনো পাইলটকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হলে বড় ধরনের প্রতিক্রিয়া হবে। এমন পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না।