বিমানের সংকট নিয়ে আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের বৈঠক
পাইলটদের ধর্মঘট প্রত্যাহার
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটরা গতকাল শুক্রবার রাত পৌনে ১০টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে নয় দিন ধরে বিমানের ফ্লাইট পরিচালনায় অচলাবস্থার অবসান হলো বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।গতকাল রাত ১০টায় বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ বাসেত মাহতাব প্রথম আলোকে বলেন, তাঁদের দাবি-দাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।সরকারি একটি সূত্র জানিয়েছে, বিমানের চলমান সংকটের বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বেলা ১১টায় তাঁর কার্যালয়ে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জি এম কাদের, বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পাইলট প্রতিনিধিদের ডেকেছেন।এর আগে গতকাল সন্ধ্যা সাতটায় পাইলটদের প্রতিনিধি হিসেবে ক্যাপ্টেন মাহতাব ও ক্যাপ্টেন শাহ আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান। গণভবনের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী তাঁদের সাক্ষাৎ দেননি। প্রধানমন্ত্রী বার্তা পাঠান যে আগে ধর্মঘট প্রত্যাহার করতে হবে। তারপর তিনি দাবি-দাওয়ার কথা শুনবেন। এরপর পাইলটদের প্রতিনিধিরা বাপা সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।ক্যাপ্টেন মাহতাব বলেন, ‘প্রধানমন্ত্রী পাইলটদের দাবি-দাওয়ার বিষয়ে বিস্তারিত শুনবেন বলে শনিবার সময় দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’বাপার আরেক সদস্য প্রথম আলোকে বলেন, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি এ পর্যায়ে গড়িয়েছে। তাই তাঁরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।গত রাতে এ ব্যাপারে বক্তব্য জানতে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।অবশ্য এর আগের দিন বৃহস্পতিবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম সংবাদ সম্মেলনে পাইলটদের সঙ্গে কোনো প্রকার আলোচনার কথা নাকচ করে দেন। তিনি বলেন, পাইলটদের মূল দাবির বিষয়টি আদালতে বিচারাধীন। তা আদালতে ফয়সালা হবে। এ নিয়ে আলোচনার কিছু নেই। তিনি আরও বলেন, পাইলটদের কাজে যোগ দিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে যোগ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার বেলা ১১টায় ৪৮ ঘণ্টা সময়সীমা শেষ হবে।এদিকে কয়েক দিন ধরে বিমানের ফ্লাইটসূচি বিপর্যস্ত হওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বিদেশগামী বাংলাদেশি শ্রমিকেরা পড়েন সবচেয়ে বেশি সংকটে।বিশেষ ব্যবস্থায় কয়েকটি ফ্লাইট: পাইলটদের কর্মবিরতির কারণে বিমান কর্তৃপক্ষ শুক্র ও শনিবার সব ফ্লাইট (হজ ফ্লাইট ছাড়া) বাতিলের ঘোষণা দিলেও গতকাল বিশেষ ব্যবস্থায় কয়েকটি ফ্লাইট পরিচালনা করে।বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, গতকাল সকাল নয়টায় ২৫২ জন যাত্রীসহ সিঙ্গাপুর ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। বেলা পৌনে তিনটায় ঢাকা-কলকাতা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা-সিলেট, রাত সাড়ে ১০টায় জেদ্দা ফ্লাইট চালানো হয়। রাত সোয়া ১২টায় রিয়াদ ফ্লাইট এবং আজ শনিবার সকাল সোয়া আটটায় ঢাকা-লন্ডন ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। তিনি জানান, বিভিন্ন গন্তব্যে আটকে পড়া যাত্রীদের কথা বিবেচনায় রেখে বিশেষ ব্যবস্থায় ফ্লাইটগুলো চালানো হয়। পদত্যাগ নয়, অব্যাহতি: এদিকে পাইলটদের প্রতি সংহতি জানিয়ে বিমানের দুই কর্মকর্তা চিফ অব টেকনিক্যাল ক্যাপ্টেন শাহ আলম ও ডেপুটি চিফ অব শিডিউলিং ক্যাপ্টেন রেজোয়ান গত বুধবার পদত্যাগ করেছেন বলে বাপা সূত্রে জানা গেছে। গতকাল প্রথম আলোতে এ খবর প্রকাশিত হওয়ার পর বিমান কর্তৃপক্ষ এক লিখিত বক্তব্যে জানিয়েছে, ‘আসলে শাহ আলমকে এক দিন আগে চিফ অব টেকনিক্যালের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আর রেজোয়ান পদত্যাগপত্র দাখিল করেননি।’প্রসঙ্গত, বিমানের পাইলটদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৬২ বছর করাকে কেন্দ্র করে সংকটের শুরু। বয়স বৃদ্ধি বাতিলসহ পাঁচ দফা দাবিতে ২০ অক্টোবর সংবাদ সম্মেলন করে বাপা ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় বিমান কর্তৃপক্ষকে। পরদিন বিকেল পাঁচটা থেকে পাইলটরা পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে অতিরিক্ত সময় বিমান চালনা থেকে বিরত থাকা শুরু করে। তাঁদের দাবি চুক্তি অনুযায়ী প্রত্যেক পাইলট মাসে ৭০ ঘণ্টা ফ্লাইট পরিচালনা করার কথা। এ কর্মসূচি শুরুর পরপরই বিমানের ফ্লাইটসূচিতে বিপর্যয় শুরু হয়।এরপর ২৪ অক্টোবর সন্ধ্যায় বিমান কর্তৃপক্ষ বাপার সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ ও পরে তাঁদের সাময়িক বরখাস্ত করে। এতে ক্ষুব্ধ হয়ে পাইলটরা ওই দিন রাত নয়টা থেকে অঘোষিত ধর্মঘট শুরু করেন।