পাইলটদের বয়স বাড়ানো-সংক্রান্ত স্থগিতাদেশ বহাল
বিমানের পাইলটদের বয়স বাড়ানো-সংক্রান্ত স্থগিতাদেশটি বহাল রয়েছে। এ-সংক্রান্ত চেম্বার বিচারপতির স্থগিতাদেশ আপিল বিভাগ আরও ১০ দিন বৃদ্ধি করেছেন। একই সঙ্গে আগামী ৪ নভেম্বরের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে উভয়পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিনজন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এ বছরের ৯ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ পাইলটদের বয়স ৫৭ থেকে ৬২ বছরে উন্নীত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিমান বাংলাদেশ এবং পাইলট সার্ভিস রুলসের চুক্তি অনুযায়ী একতরফাভাবে বিমান কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত নিয়েছে বলে এর বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ বিমান পাইলট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনসহ সংশ্লিষ্টরা হাইকোর্টে রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ৪ অক্টোবর আদালত ওই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেন। সেসঙ্গে সিদ্ধান্তটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেন। এরপর ১৩ অক্টোবর হাইকোর্টের ওই আদেশে স্থগিতাদেশ চেয়ে বিমান কর্তৃপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে আদালত হাইকোর্টের আদেশের কার্যকারিতা ১০ দিনের জন্য স্থগিত করেন। পরে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসে। আজ আদালত শুনানি শেষে ওই আদেশ দেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ইমতিয়াজ ফারুক ও সাইদ আহমেদ এবং বিমানের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান মামলা পরিচালনা করেন। সাইদ আহমেদ প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতির স্থগিতাদেশ ১০ দিনের জন্য বাড়ানো হয়েছে। একই সঙ্গে ৪ নভেম্বরের মধ্যে রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। ফলে বয়স বাড়ানো-সংক্রান্ত কার্যক্রমে একধরনের স্থিতাবস্থা বজায় থাকবে।