পাওনার চিঠি স্থগিত না হলে আলোচনা অর্থহীন
পাওনা চেয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চিঠি স্থগিত চেয়েছে গ্রামীণফোন। দেশের শীর্ষস্থানীয় এ মুঠোফোন অপারেটর বলেছে, চিঠি স্থগিত না করলে বিটিআরসির সঙ্গে আলোচনা হবে অর্থহীন। গতকাল সোমবার রমনায় বিটিআরসির কার্যালয়ে গ্রামীণফোন (জিপি) ও বিটিআরসি কর্তৃপক্ষের এক ঘণ্টা বৈঠক শেষে গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির সাংবাদিকদের এ কথা বলেন। আর বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেছেন, গ্রামীণফোনের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে। বৈঠককে সময়ক্ষেপণ বলেও তিনি মন্তব্য করেন। জিপির প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বিটিআরসিতে যায়। এ সময় ২১ দিনের মধ্যে নিরীক্ষা কার্যক্রমে প্রাপ্ত তিন হাজার ৩৪ কোটি টাকা পাওনা চেয়ে বিটিআরসির পাঠানো চিঠি স্থগিত করার দাবি জানানো হয়। চিঠি স্থগিতের দাবি: গতকালের বৈঠক শেষে গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির সাংবাদিকদের বলেন, বিটিআরসির পাওনা নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়নি। কারণ বিটিআরসি পাওনা চেয়ে যে চিঠি দিয়েছে, তা স্থগিত না করলে কোনো আলোচনা অর্থবহ হবে না।সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে কাজী মনিরুল কবির জানান, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও অমীমাংসিত নিরীক্ষার ভিত্তিতে বিটিআরসি ৩ অক্টোবর তিন হাজার ৩৪ কোটি টাকা বকেয়া পাওনা দাবি করে জিপিকে চিঠি দেয় ও ২১ দিনের মধ্যে পাওনা পরিশোধের সময় দেয়। কিন্তু বিটিআরসি বা নিরীক্ষা প্রতিষ্ঠান কেউ-ই নিরীক্ষা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জিপিকে দেয়নি। কাজী মনিরুল কবির আরও বলেন, জিপি ৪ অক্টোবর নিরীক্ষার ত্রুটি ও অসাড়ত্ব তুলে ধরে বিটিআরসিকে ওই চিঠির উত্তর দেয়। চিঠিতে জিপির প্রতি বিটিআরসির ছয় অভিযোগের প্রতিটিই কেন যথার্থ নয়, তা ব্যাখ্যা করা হয় এবং ফলপ্রসূ আলোচনার স্বার্থে নোটিশটি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকালের বৈঠকে জানানো হয়েছে, জিপি সব বিষয়ে বিস্তারিত আলোচনা করতে প্রস্তুত। তবে অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও অমীমাংসিত নিরীক্ষার ভিত্তিতে পাঠানো টাকা পরিশোধের নোটিশ প্রত্যাহার করা না হলে বিটিআরসির সঙ্গে আলোচনা করা অর্থহীন। মনিরুল কবির অভিযোগ করেন, কোনো ধরনের আলোচনার পরিবেশ তৈরি না করেই বিটিআরসি তাদের ডেকেছিল। কাজী মনিরুল কবির আরও বলেন, নিরীক্ষা-সম্পর্কিত যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব স্বচ্ছতার মাধ্যমে অবসান না হলে এবং বিশেষ করে, বিটিআরসি ইতিবাচক ভূমিকা না রাখলে দেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে। তিনি আশা করেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এ সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে। গতকালের সভার আলোচনার ফলাফল জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ সাংবাদিকদের বলেন, ‘জিপি পাওনা পরিশোধের সময় চেয়ে কোনো চিঠি দেয়নি। তারা এমনকি নিরীক্ষা প্রতিবেদনের বিস্তারিতও জানতে চায়নি। আমরা খোলা মন নিয়ে আলোচনায় বসেছিলাম। কিন্তু জিপি সময় নষ্ট করছে। আমরা এখন কমিশনের অভ্যন্তরীণ বৈঠকে তাদের কর্মকাণ্ড বিশ্লেষণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব।’ জিয়া আহমেদ আরও বলেন, ৫ অক্টোবর পাঠানো চিঠিতে জিপিকে তাদের আপত্তি ও তার সত্যতা প্রমাণ করতে যথাযথ নথিপত্র নিয়ে আসতে বলা হয়, কিন্তু জিপি তা করেনি। নিরীক্ষা প্রতিবেদন শেষে বিটিআরসির দাবি হচ্ছে, চলতি বছরের মার্চ পর্যন্ত জিপি ৩৮ হাজার ৯৮৪ কোটি টাকা আয় করেছে। এ হিসাবে দুই হাজার ৫৪৪ কোটি টাকা বিটিআরসির পাওয়ার কথা। কিন্তু প্রতিষ্ঠানটি এক হাজার ৬২৭ কোটি টাকা পরিশোধ করেছে। সব মিলিয়ে বিটিআরসির পাওনা রয়েছে সুদসহ তিন হাজার ৩৪ কোটি টাকা।জিয়া আহমেদ আরও বলেন, বিটিআরসির সব সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো একমত। আগামীকাল বুধবার সকালে জিপির এ পাওনা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনায় বসবে বিটিআরসি। তবে জিপির দ্বিতীয় প্রজন্ম প্রযুক্তি (টুজি) সেবার লাইসেন্স নবায়নের সঙ্গে এ পাওনা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না বলে আশ্বাস দেন বিটিআরসির চেয়ারম্যান। নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগে অস্বচ্ছতা: হিসাব নিরীক্ষণের জন্য বিটিআরসির নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার অভিযোগ শুরু থেকেই ছিল বলে জানা গেছে। প্রয়োজনীয় দলিলাদি ছাড়াই নিরীক্ষা প্রতিষ্ঠান ফজল অ্যান্ড কোম্পানি ও আহমেদ জাকের অ্যান্ড কোম্পানিকে নিয়োগ দেওয়ায় এই অভিযোগ ওঠে। এ নিয়ে সরকারের ক্রয়সংক্রান্ত কারিগরি ইউনিট (সিপিটিউ) গত ৮ মে বলেছে, এ দুই কোম্পানির নিয়োগ-প্রক্রিয়া সরকারের ক্রয়সংক্রান্ত নীতিমালার (পিপিআর-২০০৮) পরিপন্থী। তবে এ অভিযোগ অস্বীকার করে বিটিআরসির চেয়ারম্যান বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সরাসরি নির্দেশ না পাওয়া পর্যন্ত এসব টেলিযোগাযোগ কোম্পানির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা চলবে।জিপির লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান জাকি ওমর এ বিষয়ে বলেন, বি রেটিংপ্রাপ্ত যে নিরীক্ষা প্রতিষ্ঠান জিপির নিরীক্ষা কার্যক্রম চালিয়েছে, তা কোনো ধরনের জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে হয়নি এবং পুরো নিরীক্ষা পদ্ধতি ‘ভুল ধারণার ভিত্তিতে’ করা হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান এ বিষয়ে বলেন, বৈঠকে নিরীক্ষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু জিপি আলোচনা এড়িয়ে গেছে। টুজি লাইসেন্সের আবেদন: গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল তাদের টুজি লাইসেন্স নবায়নে আবেদনপত্র বিটিআরসিতে জমা দিয়েছে। বিটিআরসির মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্স) এ কে এম শহিদুজ্জামান জানান, গতকাল সকালে জিপি, দুপুরে রবি ও বিকেলে সিটিসেল লাইসেন্স নবায়নের আবেদন করে। আর গত রোববার বাংলালিংক আবেদনপত্র জমা দিয়েছে। শহিদুজ্জামান জানান, এক সপ্তাহের মধ্যে আবেদনপত্রগুলো মূল্যায়ন করে সংশ্লিষ্ট কোম্পানিকে চিঠি দেওয়া হবে। বিটিআরসির মূল্যায়নের চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়নের জন্য ফি জমা দিতে হবে। কোনো নতুন সমস্যা না হলে ১৭ অক্টোবর থেকে অপারেটরদের কাছে এ চিঠি পাঠানো হতে পারে। এ ছাড়া বিটিআরসি আগামী ৯-১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে অপারেটরদের লাইসেন্স নবায়ন করবে বলে জানান তিনি।নিরীক্ষককে লিগ্যাল নোটিশ: এদিকে নিরীক্ষক প্রতিষ্ঠান ফজল অ্যান্ড কোম্পানিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে জিপি। গতকাল সোমবার সকালে গ্রামীণফোনের পক্ষে শেখ অ্যান্ড চৌধুরী থেকে ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী ৪৮ ঘণ্টার সময় দিয়ে নোটিশটি পাঠান। নোটিশে বলা হয়েছে, বিটিআরসি ও নিরীক্ষক প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হলেও ফজল অ্যান্ড কোম্পানি সেসব তথ্য-উপাত্ত ব্যবহার না করে মনগড়া ও ত্রুটিপূর্ণ নিরীক্ষা হিসাব বিটিআরসিতে জমা দিয়েছে।