পাওয়েল-চন্দরপলের সঙ্গে আছেন সোহাগও
প্রথম দিন শেষেওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৬১/৪আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের কিছুই নাকি কাইরান পাওয়েলের মনে নেই! সে জন্য ভিডিও ফুটেজ দেখতে হবে।বলার সময় মুখে সলজ্জ হাসি। আসলে মনে আছে। সব মনে আছে। অভিষেকে ‘গোল্ডেন ডাক’-এর কথা কেউ ভুলতে পারে নাকি!বাংলাদেশ আছে সেখানেও। ২০০৯ সালে বাংলাদেশের সব পাওয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ ওয়ানডেতে পাওয়েলের আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে প্রথম পরিচয়। নিজের মাঠেই বলা যায়। ম্যাচটা হয়েছিল সেন্ট কিটসে। পাওয়েল অবশ্য দেশের পরিচয় দেন, ‘নেভিস’। আসলে সেন্ট কিটস আর নেভিস মিলে একটা দেশ। দুই মাইল লম্বা একটা চ্যানেল আলাদা করেছে দুই দ্বীপকে। মাত্র ৯৩ বর্গকিলোমিটার আয়তনের নেভিসে লোকসংখ্যা মাত্র ১২ হাজার। টেস্ট ক্রিকেটার হাতে গোনা এবং সবাই সেখানে রীতিমতো ‘হিরো’। পাওয়েলও নিশ্চয়ই তা-ই। আবারও তাঁর মুখে লাজুক হাসি, ‘সেটি নেভিসের লোকজন বলতে পারবে।’ছবির মতো সাজানো-গোছানো ছোট্ট দ্বীপ নেভিস পর্যটকদের খুব প্রিয় গন্তব্য। ধনাঢ্য লোকেরা সেখানে বিয়ে বা মধুচন্দ্রিমা করতে যান। পাওয়েলের অভিষেকটা অবশ্য একদমই সাজানো-গোছানো ছিল না। ম্যাচের প্রথম বলেই এলবিডব্লু!পাওয়েলের অভিষেক তো এই সেদিনের কথা। শিবনারায়ণ চন্দরপলের অভিষেক দেড় যুগেরও আগে। তাঁরও নিজের দেশেই অভিষেক। পাওয়েলের সঙ্গে এটা মিল। অমিল হলো, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে ৬২ রান করেছিলেন এবং সেই টেস্টের খুঁটিনাটিও তাঁর মনে আছে। আরেকটি পার্থক্য, পাওয়েলের ‘দেশ’ ছোট্ট একটা দ্বীপ, চন্দরপলের দেশ গায়ানা ক্যারিবিয়ানে একমাত্র ক্রিকেট খেলুড়ে দেশ, যেটি দ্বীপ নয়।কাইরান পাওয়েল ও শিবনারায়ণ চন্দরপলের মিল-অমিল খোঁজার কারণ একটাই—আরেকটি মিল। ঢাকা টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি করলেন দুজনই। দিন শেষে স্কোর ৪ উইকেটে ৩৬১। দিনটা তো অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের। ওই দুজনের মিলিত অবদান ২৪০। ঘুরিয়ে তাই এটিকে পাওয়েল ও চন্দরপলের দিনও বলতে পারেন।কিন্তু তাতে যে সোহাগ গাজীর প্রতি অবিচার করা হয়। দুই সেঞ্চুরি ছাপিয়ে দিনের সবচেয়ে আলোচিত চরিত্র তো বাংলাদেশের অফ স্পিনারই। ক্রিকেটারদের এই টি-টোয়েন্টি প্রজন্মের কাছেও টেস্ট ক্রিকেটই এখনো মোক্ষধাম। সেই টেস্ট ক্রিকেটে অভিষেক নিয়ে কল্পনায় কত রংই না খেলা করে! কিন্তু টেস্ট ক্রিকেটে প্রথম দিনটিই সোহাগ গাজীকে যে অভিজ্ঞতা উপহার দিল, তাঁর দূরতম কল্পনারও সেটির নাগাল পাওয়ার কথা নয়। কীভাবে পাবে, হলিউডের গাঁজাখুরি ছবির চিত্রনাট্যকেও যে এটি হার মানায়!এতে যে অনেক ‘অসংগতি’! প্রথমত কোনো অফ স্পিনারই টেস্ট অভিষেকে প্রথম ওভারটি করবেন বলে ভাবেন না। অন্য প্রান্তে ক্রিস গেইলকে পাওয়ার চিন্তা তো নৈব চ নৈব চ। সোহাগের ক্ষেত্রে দুটিই ঘটল। টেস্ট ইতিহাসে অভূতপূর্ব এক কাণ্ড দিয়ে শুরু হলো তাঁর টেস্ট ক্যারিয়ার। ম্যাচের প্রথম বলেই ছক্কা!ছক্কা চতুর্থ বলেও। প্রথম ওভারে ১৮ রান (এর ৪ অবশ্য লেগ বাই থেকে) সোহাগ গাজীর স্বপ্নপূরণকে দুঃস্বপ্ন বানিয়ে ফেলার সব বন্দোবস্ত করে ফেলেছিল প্রায়। অধিনায়ক মুশফিকুর রহিমকে ধন্যবাদ দিতে হয়। এর পরও সোহাগই গেইলের ‘ওষুধ’ বলে আস্থা রেখেছেন বলে। সোহাগকে বল করিয়ে গেলেন, তৃতীয় ওভারে থামিয়েও দিলেন গেইল-তাণ্ডব। লাঞ্চের সময় ম্যাচে সাম্যাবস্থা। ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রান তুলেছে ঠিকই, কিন্তু ৩ উইকেটের বিনিময়-মূল্যটাও তো কম নয়। ওই তিন উইকেটের দ্বিতীয়টিও সোহাগের। ‘দ্বিতীয়’ উইকেটের উদ্যাপন অবশ্য দুবার করে ফেললেন। কাইরান পাওয়েল পুল করতে গিয়ে ক্যাচ হয়ে গিয়েছিলেন পয়েন্টে। কিন্তু বলটা সেখানে যাওয়ার পথে সিলি পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারের হেলমেটে লাগায় ‘ডেড বল’ হয়ে গেছে!শেষ পর্যন্ত পাওয়েলের উইকেটটি সোহাগই পেয়েছেন। চা-বিরতির পর প্রথম ওভারেই। কিন্তু ততক্ষণে ম্যাচ বাংলাদেশের টেস্টে সেই পরিচিত চেহারায় আবির্ভূত। দ্বিতীয় সেশনটি অবিচ্ছিন্ন কাটিয়ে দিয়েছেন পাওয়েল ও চন্দরপল। শেষ সেশনেও ওই একটিই উইকেট। পরপর দুটি সেঞ্চুরি-জুটিতে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ শ-টাচ শর ভয় দেখাচ্ছে। গেইল এক ধরনের ভয়, চন্দরপল অন্য ধরনের। প্রথমটি জয় করা গেছে। দ্বিতীয়টি এখনো চোখ রাঙাচ্ছে।মিরপুরের মাঠ সংস্কারের পাল্লায় পড়ে সবুজ ঘাসের সেই গালিচা হারিয়েছে। উইকেটের ব্যাটিংবান্ধব চরিত্রের অবশ্য কোনো পরিবর্তন হয়নি। টেস্ট ম্যাচের প্রথম দিন সকালে উইকেটে পেসারদের জন্য কিছু না কিছু থাকেই। কী আশ্চর্য, স্পিনারদের জন্য যা কিছু ছিল, সেটিও ওই সকালেই। এরপর যত সময় গেছে, ব্যাটিং-মৃগয়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের বোলিং দৈন্যকে।এটা নতুন কিছু নয়। তবে গত কিছুদিন শুধুই দেড় ঘণ্টা ফিল্ডিংয়ের টি-টোয়েন্টি খেলে আসা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সারা দিন মাঠে খেটে মরার অভিজ্ঞতাটা নতুন-নতুনই মনে হওয়ার কথা।