পাওয়ার গ্রিডে ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
ভুয়া খরচ ও ভুয়া প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত্ ও তা হস্তান্তরের অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ব্যবস্থাপক মো. আরশাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার রাজধানীর মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেয় দুদক।মো. আরশাদ হোসেনের বিরুদ্ধে মোট ৪৩ কোটি ১৭ লাখ টাকা অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগ এনেছে দুদক। এ ছাড়া পিজিসিবি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তে ৫৫ কোটি টাকা অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে বলে জানা গেছে। এ জন্য সাময়িক বরখাস্তসহ তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নিচ্ছে পিজিসিবির কর্তৃপক্ষ।দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম প্রথম আলোকে আরশাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত মো. আরশাদ হোসেন ও তাঁর স্ত্রী লুবনা ইসলামের নামে রাজধানীর ধানমন্ডি, গুলশান, বারিধারা, বনানী ও উত্তরায় মোট ২৭টি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া নিউমার্কেটে পাঁচটি দোকান, বসুন্ধরা আবাসিক প্রকল্পে ১২টি প্লট রয়েছে। প্রতিটি ক্ষেত্রে আত্মসাত্ করা অর্থ বিভিন্নজনের কাছে হস্তান্তর হওয়ায় মানিলন্ডারিং আইনের আওতায় এ মামলা করা হয়।গত ১৯ এপ্রিল ধানমন্ডি থানায় মো. আরশাদ হোসেনের বিরুদ্ধে দায়ের করা ১০ নম্বর মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত আরশাদ হোসেন বিভিন্ন ভুয়া ব্যয় দেখিয়ে এবং ভুয়া প্রতিষ্ঠানকে বিল দেওয়ার মোট ৪৩ হাজার ১৭ লাখ টাকা আত্মসাত্ করেছেন।এ বিষয়ে আরশাদ হোসেনের ধানমন্ডি বাসায় যোগাযোগ করে জানা গেছে, তিনি পলাতক। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে হুলিয়াও জারি করেছেন আদালত।