পাওয়ার প্লে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং পাওয়ার প্লে এসেছে দুই বছর। আমার ধারণা, এই দুই বছরে জিনিসটার পুরো ফায়দা কোনো দলই নিতে পারেনি। এটা নিয়ে সব দলই এখনো কষ্ট করছে।পাওয়ার প্লে খেলার ফলাফলে প্রায় সময়ই প্রভাব ফেলে। ব্যাটসম্যানরা ওই সময় খুব বেশি ঝুঁকি নিতে যায় বলে উইকেট হারানোটাই স্বাভাবিক। আর এই সুযোগে পিছিয়ে পড়া প্রতিপক্ষও ফিরে আসতে পারে ম্যাচে। আবার অনেক সময় ব্যাটিং পাওয়ার প্লের সুযোগ নিয়ে বড় রান তুলে ফেলতে পারে কোনো দল এবং সেটাও ম্যাচে প্রভাব ফেলার জন্য যথেষ্ট। কাজেই ম্যাচের তিনটা পাওয়ার প্লের যেকোনোটাই খেলার ফলাফলে প্রভাবক হয়ে দাঁড়াতে পারে।তবে মনে রাখা উচিত, পাওয়ার প্লেই সব নয়। সাফল্যের পেছনে শৃঙ্খলা, ম্যাচ নিয়ে দূরদর্শী চিন্তাভাবনা এবং দক্ষতার এখনো প্রয়োজন আছে। ৩০ গজের বাইরে খুব বেশি ফিল্ডার থাকে না বলেই পাওয়ার প্লেটা খেলা এতটা আকর্ষণীয় করে তুলছে। তাতে বলটাকে তুলে মারার সুযোগ বেড়ে যাচ্ছে ব্যাটসম্যানদের জন্য, কমে যাচ্ছে ঝুঁকিও। একটা বড় ছক্কা কিংবা ছক্কা বাঁচানোর জন্য ফিল্ডারের প্রাণপণ দৌড়, ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা—ক্রিকেটে এসবের চেয়ে দৃষ্টিসুখকর আর কী আছে!Êরান বাড়িয়ে নেওয়ার তাগিদ থাকে বলে পাওয়ার প্লের সময় চাপটা ব্যাটিং দলের ওপরই বেশি। আর শেষ পাওয়ার প্লের সময়ও যদি হাতে কটা উইকেট থেকে যায়, পাওয়ার প্লের ব্যাটিংয়ের আসল মজাটা তখনই উপভোগ করা যায়।যত দূর মনে পড়ে, পাওয়ার প্লের প্রথম ম্যাচের আগে নতুন এই জিনিসটা অনুশীলন করে নেওয়ার জন্য খুব অল্প সময় পেয়েছিলাম আমরা। পাওয়ার প্লের কারণে প্রতিটা ম্যাচেরই রং বদলায় এবং সেই পরিস্থিতির সঙ্গে কীভাবে খাপ খাওয়াতে হবে, সেটা আমাদের খেলোয়াড়দের বোঝাতে গিয়ে সবাই গলদঘর্ম হচ্ছিলাম।পাওয়ার প্লে নেওয়ার একেক ম্যাচে একেক রকম পরিস্থিতিতে থাকতে পারে। উইকেট না হারিয়ে ঠান্ডা মাথায় ব্যাটিং করে রান তোলার কাজটা তখন পুরোপুরিই ব্যাটসম্যানের ওপর নির্ভর করে। তার পরও স্বীকার করতে বাধা নেই, ব্যাটিং পাওয়ার প্লেটা আমাদের কাছে এখনো সেই প্রথমদিনকার অচেনা ব্যাপারই হয়ে আছে। আমরা এখনো এর সর্বোচ্চ সুবিধাটুকু নিতে পারছি না। তবে আমার বিশ্বাস, বিশ্বকাপে সেই চিত্রটা আমরা বদলে দেব।ব্যাটিং পাওয়ার প্লে নেওয়ার সময়টায় একটা দল যে পরিস্থিতিতে থাকে, পাওয়ার প্লে নিয়ে কতটা কী করতে পারবে, সেটা অনেকাংশেই নির্ভর করে ওই পরিস্থিতির ওপর। পাওয়ার প্লে নেওয়ার পর যদি আপনার দলের এক-দুজন সেট ব্যাটসম্যান আউট হয়ে যায়, তাহলে সেটা অবশ্যই দলের রান প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে।ব্যাটিং পাওয়ার প্লেটা একেক সময় একেক চেহারায় দেখা দিচ্ছে বলে সব দলই এখনো এর সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে। বোলিং করা দল কীভাবে ফিল্ডিং সাজাবে, কোন জায়গায় বোলাররা বল ফেলবে—এসবের কোনোটই কিন্তু আপনি আগে থেকে জানেন না। ব্যাটসম্যানদের জন্য সে কারণেই সময়টা স্নায়ুক্ষয়ী।আবারও বলছি, পাওয়ার প্লেটা হলো মাথা ঠান্ডা রেখে দক্ষতা কাজে লাগানোর খেলা। আর ব্যাটিং পাওয়ার প্লের সাফল্যটাই লুকিয়ে হাতে কয়টা উইকেট আছে তার ওপর। নিজের ব্যাটিংয়ে নিয়ন্ত্রণ আছে, প্রতিপক্ষ বোলাররা কী করতে চাচ্ছে সেটা বুঝে, পাওয়ার প্লের সময় এ রকম ব্যাটসম্যানই থাকতে হবে উইকেটে। ওই সময়টায় ওভারপ্রতি অন্তত একটা বাউন্ডারি, সঙ্গে আরও ৪-৫ রান নিতে হবে। উইকেট না হারিয়ে ওভার প্রতি কমপক্ষে এই রানটা করা যাবে—পাওয়ার প্লেতে ভালো করার এটাই মূলমন্ত্র।প্রতিপক্ষের ব্যাটিং পাওয়ার প্লের সময় এর ঠিক উল্টোটাই করতে হবে। খুব ভালো একটা পরিকল্পনা করতে হবে এবং সেটাকে কাজে লাগাতে হবে। ভালো হয়, যদি তখন উইকেটে কোনো সেট ব্যাটসম্যান না থাকে। আপনার জীবন অনেকটাই সহজ হয়ে যাবে তখন। সঙ্গে অবশ্য নিখুঁত ইয়র্কার আর স্লোয়ারসহ বোলিং পরিকল্পনাটা হতে হবে খুবই নিশ্ছিদ্র। টিম মিটিংয়ে অধিনায়ক আর টিম ম্যানেজমেন্ট মিলে যে পরিকল্পনা করে, সেটার বাস্তবায়নই পাওয়ার প্লেতে সফল হওয়ার আসল পথ।পাওয়ার প্লের জটিল পরিস্থিতিতে কোচ বা অধিনায়কের চেয়ে অন্য খেলোয়াড়দেরই বেশি পড়তে হয়। পাওয়ার প্লে নেওয়ার পরের দায়িত্বটা তো খেলোয়াড়েরই! ওই সময় প্রতিপক্ষ বুঝে কীভাবে শান্ত থেকে ব্যাটিং আর বোলিং করতে হবে, পরিস্থিতি সামলাতে হবে, সেটা সম্পূর্ণই তাদের ওপর নির্ভর করে। মনের জোরটা বেশ জরুরি, সঙ্গে বুদ্ধিও খাটাতে হবে। আর একটা কথা, যদি একটা পরিকল্পনা কাজ না করে তাহলে দ্রুতই বিকল্প সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য থাকতে হবে খেলোয়াড় ও অধিনায়কের।এটা ঠিক যে পাওয়ার প্লেতে বাংলাদেশ দলের দুর্বলতা আছে। তবে এটাকে খুব বড় কোনো চিন্তার বিষয় বলব না আমি। কী করতে হবে সে ব্যাপারে খেলোয়াড়েরা খুবই সচেতন। আমাদের শুধু একটাই আশা—পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়ে ম্যাচের নিয়ন্ত্রণটা তারা তাদের হাতে রাখতে পারবে। মাত্র ৫ ওভারের ব্যাপার হলেও আমরা তো জানি, ওই ৫ ওভার খেলার মোড়ই ঘুরিয়ে দিতে পারে। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের মধ্যে এবং আমার মনে হয়েছে পাওয়ার প্লের সময় নিজেদের দায়িত্বটা বুঝতে পারছে দলের ব্যাটসম্যান-বোলাররা। বাকিটা মাঠেই দেখা যাবে।