পাক-ভারত অনাস্থা দূর করতে হবে: হিনা
পাকিস্তানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে অনাস্থা অবশ্যই দূর করতে হবে। তবে কাশ্মীর সমস্যাসহ দুই দেশের নিয়ন্ত্রণরেখা-বিষয়ক মূল সমস্যাগুলো সমাধানে অদূর ভবিষ্যতে কোনো প্রস্তাব তোলার ব্যাপারে তিনি সংশয় প্রকাশ করেন।পররাষ্ট্র দপ্তরে এক সংবাদ সম্মেলনে হিনা রাব্বানি খার এসব মন্তব্য করেন। আজ শুক্রবার ডন অনলাইনের খবরে এ কথা জানানো হয়। আগামীকাল ১৬ মার্চ শনিবার পাকিস্তানে বর্তমান পিপলস পার্টি অব পাকিস্তান (পিপিপি) সরকারের মেয়াদ শেষ হচ্ছে। এ উপলক্ষে হিনা তাঁর মেয়াদের শেষ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি-বিষয়ক সাফল্য তুলে ধরেন হিনা।হিনা রাব্বানি খার বলেন, এ বছরের জানুয়ারি থেকে ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণরেখায় যে অস্থিতিশীলতা দেখা দিয়েছে, তা মোকাবিলায় ভারতীয় নেতাদের ভূমিকা ‘গভীর হতাশাজনক’। এতে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া ব্যাহত হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজনৈতিকভাবে যথেষ্ট প্রচেষ্টা চালিয়েছে পিপিপি সরকার। এ প্রসঙ্গে তিনি দুই দেশের বাণিজ্যসম্পর্ক পুনরুদ্ধারে তাঁর সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন।হিনা দাবি করেন, পাকিস্তান-ভারতের মধ্যে ছয় দশক ধরে চলে আসা বৈরিতার পথ থেকে সরে দুই দেশের মধ্যে আস্থা নির্মাণের চেষ্টা করেছে তাঁর সরকার।কাশ্মীর সমস্যা সমাধানের বিষয়ে খুব বেশি আশাবাদী না হতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘যেকোনো উদ্যোগের জন্য আমাদের অনুকূল পরিবেশের প্রয়োজন। যদি মনে করা হয়, আজকের মধ্যেই কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে, তা কখনো সম্ভব নয়। দুই দেশের মধ্যকার অবিশ্বাসের মাত্রা কমিয়ে আনতে হবে।’