পাক-ভারত পরমাণু যুদ্ধের আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশেষজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই হামলার মতো আর একটি ঘটনা পাক-ভারত যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে এবং ওই যুদ্ধে পরমাণু অস্ত্রও ব্যবহূত হতে পারে। যুক্তরাষ্ট্রের নিউ আমেরিকা ফাউন্ডেশনের সন্ত্রাসবিরোধী কৌশল বাস্তবায়নের সহপরিচালক পিটার বার্জেন সম্প্রতি দেশটির হোমল্যান্ড অ্যান্ড সিকিউরিটি কমিটির কাছে তাঁর এ মতামত জানিয়েছেন। পিটার বার্জেন তাঁর মতামতে বলেন, যদি মুম্বাই হামলার পুরনাবৃত্তি ঘটে, তবে পাকিস্তানের ভেতরে থাকা সন্ত্রাসী প্রশিক্ষণ ক্যাম্পগুলো নিশ্চিহ্ন করতে ভারত হামলা চালাতে পারে। এতে করে পাক-ভারত যুদ্ধের সূত্রপাত হতে পারে। এমনকি সম্ভাব্য ওই যুদ্ধে পরমাণু অস্ত্রও ব্যবহূত হতে পারে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞ পিটার বার্জেন বলেন, ‘আমার মনে হয়, আমাদের সবাইকে একসঙ্গে আর একটি সম্ভাব্য মুম্বাই হামলার ব্যাপারে ভাবতে হবে। মুম্বাই হামলার পুনরাবৃত্তি দক্ষিণ এশিয়ার সব কৌশলগত হিসাব বদলে দিতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সর্বশেষ মুম্বাই হামলার পর ভারত বড় ধরনের সহনশীলতা প্রদর্শন করেছে। তবে এ ধরনের সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি রোধে দেশটির জনগণ ওই ঘটনার বিচার দাবি করে আসছে।’ পিটার বার্জেন আশঙ্কা প্রকাশ করে বলেন, মুম্বাই হামলার মতো যদি আর একটি ঘটনা ঘটে, তবে এর বিরুদ্ধে ‘কিছু একটা’ ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়বে। এই ‘কিছু একটা’ ব্যবস্থা হতে পারে পাকিস্তানের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পগুলো ধ্বংস করতে ভারতের হামলা। আর ভারত যদি পাকিস্তানে হামলা করেই বসে, তবে ১৯৪৭ সালের পর চতুর্থবারের মতো পাক-ভারত যুদ্ধ লেগে যেতে পারে। এই যুদ্ধে পরমাণু অস্ত্রও ব্যবহূত হতে পারে। আর তখন পাকিস্তান তার উত্তর ও পশ্চিম সীমান্তে নিয়োজিত সেনাবাহিনীকে ভারত সীমান্তে নিয়ে আসতে পারে। এতে করে ওই সীমান্তবর্তী এলাকাগুলোতে সক্রিয় তালেবান ও আল-কায়েদা জঙ্গিরা স্বস্তিতেই থাকবে। —পিটিআই।