পাক-ভারত সীমান্তে সুড়ঙ্গের সন্ধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান-ভারত সীমান্তে গতকাল শনিবার ৪০০ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। দুই দেশের সীমান্তসংযোগকারী এ সুড়ঙ্গটি জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় অবস্থিত। ভারতের কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ রোববার জি নিউজের এক খবরে এ কথা জানানো হয়।সাম্বা জেলা পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট ইসরার খান সাংবাদিকদের বলেন, ‘আমরা পাকিস্তান ও ভারতের সীমান্তসংযোগকারী একটি সুড়ঙ্গ আবিষ্কার করেছি।’ তিনি বলেন, বৃষ্টির কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চিল্লায়ারি সীমান্ত চৌকির কাছে কয়েকটি স্থানে মাটি দেবে যায়। বৃষ্টি থামার পর মাটি দেবে যাওয়ার কারণ জানতে ওই স্থান খুঁড়লে সুড়ঙ্গের দেখা মেলে।ইসরার বলেন, তিন ফুট প্রস্থ ও তিন ফুট উচ্চতার এ সুড়ঙ্গটি ভারতের চিল্লায়ারি ও পাকিস্তানের নুমবেরিয়াল সীমান্ত চৌকির মধ্যে সংযোগ স্থাপন করেছে।ভূপৃষ্ঠ থেকে ২৫ ফুট গভীরে স্থাপিত এ সুড়ঙ্গটির দৈর্ঘ্য ভারতের অংশে ৪০০ মিটার। কোনো অভিযানের উদ্দেশ্যে সুড়ঙ্গটি তৈরি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইসরার বলেন, দেখে মনে হচ্ছে অতিসম্প্রতি নির্মাণ করা হয়েছে সুড়ঙ্গটি। দুই ইঞ্চি নলের মাধ্যমে এর ভেতরে বাতাস সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।ওই সুপারিনটেনডেন্ট দাবি করেন, ভারতে পাকিস্তানের জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দেওয়ার জন্যই পাকিস্তান সরকার সুড়ঙ্গ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।