পাকশীতে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ৩
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী চারমাথা মোড়ে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।নিহত ব্যক্তিরা হলেন আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তার, তাঁর সহযোগী মো. টিপু সুলতান ও শামীম হোসেন। আজ মঙ্গলবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তার ও তাঁর চার সহযোগী রাত আটটার দিকে একটি প্রাইভেটকার নিয়ে পাকশী থেকে পাবনা যাচ্ছিলেন। প্রাইভেটকারটি পাকশী চারমাথা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চেয়ারম্যান আক্তার নিহত হন। এ সময় তাঁর চার সহযোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে টিপু সুলতান ও শামীম হোসেন নিহত হন। গুরুতর আহতাবস্থায় অপর দুই সহযোগী মোহাম্মদ আলী ও ইউসুফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাবনার পুলিশ সুপার (এসপি) জামিল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।