পাকা ধানে স্থিতাবস্থা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন রাষ্ট্রপতি বারাক হোসেন ওবামার একটি উক্তি হলো: ‘সমাধানের উপায় হিসেবে আমি স্থিতাবস্থা মেনে নেব না।’ স্ট্যাটাস কো একটি লাতিন পরিভাষা। এর অর্থ ‘স্থিতাবস্থা’। স্থিতাবস্থা মানে, যেমন বহাল আছে তেমন বজায় থাকবে। দালানকোঠার মতো স্থায়ী সম্পদ স্থিতাবস্থা ধারণ করতে পারে। কিন্তু ক্ষেতের পাকা ধানের ক্ষেত্রে কী হবে? সম্পদ তো নষ্ট হতে পারে না।ওবামার মতো চন্দ্রভানুও অবশ্য হাইকোর্টের স্থিতাবস্থাকে সমাধান হিসেবে মানছেন না। কিন্তু হাইকোর্টের আদেশের বলে তিনি অন্তত এই পৌষে ধানটা নিজের গোলায় তুলতে চান। কিন্তু সে ভাগ্য কি তাঁর হবে?চন্দ্রভানু যথারীতি কষ্টে আছে। প্রথম আলোতে তাঁকে নিয়ে দীর্ঘ লেখা তাঁর জীবনে কোনো প্রভাব ফেলেনি। গ্রাম আদালতে মালেক মাস্টারের ওপর ধার্য করা জরিমানার টাকা চন্দ্রভানু পাননি। এমনকি সুপ্রিম কোর্টের আদেশও তাঁর সংকট ঘোচায়নি। এখন তাঁর ও তাঁর বর্গাচাষি নান্টুর সামনে জ্বলন্ত প্রশ্ন হলো, পৌষ পার হচ্ছে। ক্ষেতের পাকা ধানের কী হবে? মালেক মাস্টার তাঁদের পাকা ধানে মই দেবেন না তো? স্থানীয় প্রশাসনের হর্তাকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা—উভয়ের বিরাগভাজন চন্দ্রভানু। গতকাল টেলিফোনে অবশ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু ছালেহ উভয়ের প্রতি বিরক্তি প্রকাশ করেন। কিন্তু প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে গত বছর মালেক মাস্টার যে চন্দ্রভানুকে পিটিয়ে মাথা ফাটিয়েছিলেন, তা তাঁর জানা আছে।গত রোববারের লেখায় এ তথ্য উল্লেখ করিনি যে চন্দ্রভানু নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছিলেন। সুপ্রিম কোর্টে চন্দ্রভানু আমাকে তাঁর মাথার সেলাই দেখাতে চেয়েছিলেন। গতকাল টেলিফোনে কথা হয়, বেতাগী বিআরডিবির চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খ ম ফাহরিয়া সংগ্রাম ও চন্দ্রভানুর বর্গাচাষি নান্টুর সঙ্গে। নান্টু বলেন, গত বছর তিনি যখন বিরোধীয় জমিতে চন্দ্রভানুর পক্ষে চাষ করছিলেন, তখন মালেক মাস্টারের স্ত্রী ও তাঁর ছেলে তাঁর ও চন্দ্রভানুর ওপর চড়াও হয়। চন্দ্রভানুর মাথা ফাটে। তাঁকে চলন্ত ট্রাক্টর দিয়ে আঘাত হানা হয়। মাথায় চার-পাঁচটা সেলাই নিয়ে চন্দ্রভানু পক্ষকাল হাসপাতালে পড়ে থাকেন। ‘চন্দ্রভানুর প্রতি আপনারা বিরক্ত ঠিকই কিন্তু ওই হামলার কী করলেন?’ ওসি ত্বরিত জবাব দেন, ‘কেন, পুলিশ মালেক মাস্টারের স্ত্রীকে গ্রেপ্তার করেছিল। তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল।’ এ বিষয়ে এলাকাবাসীর বক্তব্য: ঘটনার নায়ক মালেক মাস্টার। পুলিশ তাঁকে ধরেনি। তাঁর স্ত্রী ওই দিন বিকেলেই জামিনে ছাড়া পেয়ে হুমকি-ধমকি দেন। দায়সারা অভিযোগপত্র চন্দ্রভানু ও নান্টুকে আর যা-ই হোক বিচার দেয়নি। নান্টু বলেন, ‘আমি গরিব মানুষ। ধার-কর্জ করে ট্রাক্টর কিনেছিলাম। চলন্ত ট্রাক্টর খেজুরগাছে উঠে বিস্ফোরিত হয়। ২০-৩০ হাজার টাকা মেরামত করতে লেগেছে।এই জমিতে এবারও তিনি ধান ফলান। কেন করতে গেলেন? চন্দ্রভানু হাইকোর্টের কাগজ দেখান। আমি তা নিয়ে মালেক মাস্টারদের দেখাই। কথা বলি। তাঁর স্ত্রী বলেছিলেন, আপত্তি নেই। তাই ধান ফলাই। ধান পেকেছে। তোলা জরুরি। কিন্তু তারা এখন বাধা দিচ্ছে।হাইকোর্টের এক সদস্যের বেঞ্চের বিচারপতি মো. জিয়াউল করিম ১১ আগস্ট ২০০৯ দুই পৃষ্ঠার যে আদেশ দেন, তা দ্ব্যার্থক। আদেশে লেখা আছে: চন্দ্রভানুর আইনজীবী দাবি করেছেন যে তিনি তাঁর জমিতে শান্তিপূর্ণ অবস্থানে অর্থাত্ ভোগদখলরত আছেন। কিন্তু এখন তাঁর প্রতিপক্ষ মালেক মাস্টার ও অন্যরা তাঁকে উত্খাতে হুমকি দিচ্ছেন। আইনজীবীকে শোনা হলো। তাঁর আবেদনের বিরোধিতা করা হয়নি।এ থেকে বোঝা যায়, চন্দ্রভানুকে একতরফা শুনে আদালত আদেশ দিয়েছেন। মালেক মাস্টার বক্তব্য রাখার সুযোগ পাননি। চন্দ্রভানুর পক্ষে দয়াপরবশ হয়ে যে আইনজীবী আদালতে নিবেদন করেছিলেন, তিনি কেন শান্তিপূর্ণ ভোগদখলরত দাবি করেছেন, তা আমরা জানি না। কারণ তথ্য হিসেবে তা সত্য হওয়ার নয়। কিন্তু কৌশলগত বা আইনি মারপ্যাঁচ-সংক্রান্ত হতে পারে। আদালত দৃশ্যত বিবেচনায় নেননি যে বিরোধীয় জমি আদেশ প্রদানকালে কী অবস্থায় রয়েছে। কিন্তু অভিমত দেন যে, ‘উচ্চ আদালত যখন কোনো বিরোধীয় বিষয়ে সিদ্ধান্ত নেন, তখন কোনো পক্ষেরই উচিত নয় সেখানে কোনো অবাঞ্ছিত সুবিধা নেওয়া। এবং বিরোধীয় ভূমির প্রকৃতি ও বৈশিষ্ট্য (নেচার ও ক্যারেকটার) রক্ষা করা উচিত।’ দেওয়ানি আইনে স্থিতাবস্থা সংজ্ঞায়িত নেই। একজন বিশিষ্ট দেওয়ানি আইনবিশারদ জানালেন, ‘হাইকোর্টের একটি রায় আছে। এতে বলা হয়েছে, স্থিতাবস্থা বুঝতে হলে নিম্ন আদালতের সাক্ষ্যপ্রমাণ বিবেচনায় নিতে হবে। আমরা এখানে বুঝতে পারি না, ধানখেতের ওপর স্থিতাবস্থা কীভাবে বজায় থাকবে। হাইকোর্ট চন্দ্রভানুর পক্ষে ইনজাংশন দিতে পারতেন।’ হাইকোর্ট অবশ্য নির্দিষ্টভাবে উভয় পক্ষকে রুলের সুরাহা না হয়া পর্যন্ত ‘দখলস্বত্বের’ বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন। রুলের সুরাহা কবে হবে তা কেউ জানে না। হাইকোর্ট স্থিতাবস্থার মেয়াদ দফায় দফায় বাড়াতে পারেন। কিন্তু উভয় পক্ষকে শুনে চূড়ান্ত রায় ঝুলতে পারে অনির্দিষ্টকাল। চন্দ্রভানু সবার চক্ষুশূল হয়ে আসলে কী পাবেন? জমির দখলস্বত্ব অমীমাংসিত রাখা যায়। কিন্তু পাকা ধানের মীমাংসা কে দেবে?বেতাগী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সেক্রেটারি হারুনুর রশীদ ও সালিসের প্রত্যক্ষদর্শী শাহজাহান খান জানান, গাছকাটা মামলায় গ্রাম আদালত গাছের মূল্য এবং মুচলেকা ভঙ্গের নির্ধারিত নয় হাজার টাকার জরিমানার অঙ্কটা কমিয়ে চার হাজার করে দেন। এর পরও মালেক মাস্টার নানা টালবাহানায় চন্দ্রভানুকে এখনো টাকাটা দিচ্ছেন না। ওসি সাহেব একটু ভরসা দেন। জানালেন, এবারের ধান চন্দ্রভানুরই লাগানো। তাই তারা সেভাবেই বিহিত করবেন।