পাকিস্তান আবারও রক্তাক্ত আত্মঘাতী বোমায় নিহত ৫৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের ব্যবধানে আবারও রক্তাক্ত হলো পাকিস্তান। গতকাল শুক্রবার আফগানিস্তানের সীমান্তবর্তী মোহমান্দ এলাকায় এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫৬ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছে। স্থানীয় একটি সরকারি কার্যালয়ের বাইরে এক ব্যস্ত বাজারে এ হামলা চালানো হয়। এর আগে গত সপ্তাহে লাহোরের একটি মাজারে দুটি আত্মঘাতী হামলায় ৪৩ জন নিহত এবং দুই শতাধিক লোক আহত হয়েছিল। খবর এএফপি, বিবিসি ও এপির।কর্মকর্তারা জানান, অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে খ্যাত মোহমান্দ উপজাতীয় এলাকায় ইয়াকাঘুন্দ শহরে গতকাল এ হামলা চালানো হয়। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে কর্মকর্তাদের সন্দেহের তীর তালেবান ও আল-কায়েদার জঙ্গিদের দিকে।আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহত ৪০ জনকে পেশোয়ার শহরের হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।পাকিস্তানে গত তিন বছরে তালেবান ও আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গি হামলায় সাড়ে তিন হাজার লোক নিহত হয়েছে। ২০০৭ সালের জুলাইয়ে ইসলামাবাদে জঙ্গিদের ব্যবহূত লাল মসজিদে সেনা অভিযান চালানোর পর থেকে এসব হামলা চালানো হয়।কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক একটি সাহায্য সংস্থার উদ্যোগে গতকাল মোহমান্দ জেলার ইয়াকাঘুন্দের সরকারি কার্যালয়ের সামনে হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ জন্য কার্যালয়ের বাইরে মানুষের দীর্ঘ লাইন পড়ে যায়। এ সময় হঠাৎই এক মোটরসাইকেল আরোহী সেখানে গিয়ে নিজেকে উড়িয়ে দেন। এতে ওই সরকারি কার্যালয় এবং এর আশপাশের দোকানপাট, একটি কারাগারসহ বেশ কয়েকটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।দিনমজুর রাজ ওয়ালি হামলাস্থলের কাছেই কাজ করছিলেন। তিনি বলেন, ‘হঠাৎ এক বিকট বিস্ফোরণ ঘটে। পেছনে তাকিয়ে দেখি, পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন। লোকজন কান্নাকাটি করছে। হামলাস্থলের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মানুষের শরীরের বিভিন্ন অংশ।’সরকারি কার্যালয়ে দায়িত্ব পালনকারী একজন সেনাসদস্য জানান, ‘মনে হচ্ছিল, মোটরসাইকেল আরোহী যেন তাঁর ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে গেছেন। ঠিক তখনই ঘটে বিকট শব্দে বিস্ফোরণ।’নিরাপত্তাকর্মীরা হামলাস্থল ঘিরে রেখেছেন। ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন সাহায্যকর্মীরা। তাঁদের আশঙ্কা, উদ্ধারকাজের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।সরকারি কার্যালয়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা রসুল খান সাংবাদিকদের বলেছেন, হামলায় এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে উপজাতীয় পুলিশ সদস্যও রয়েছেন। হামলাস্থলের আশপাশে ৮০টির মতো দোকান ছিল। এর বেশির ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, হামলায় স্থানীয় একটি কারাগারের বাইরের অংশের মারাত্মক ক্ষতি হয়েছে। কারাগারটির দেয়াল ধসে গেছে। এই ফাঁকে সেখান থেকে ২৮ জন বন্দী পালিয়েছেন।সপ্তাহখানেক আগে লাহোরে সুফি সাধক হজরত সৈয়দ আলী বিন উসমান হাজবেরির মাজারে পরপর দুটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে ৪৩ জন নিহত হয়। এর আগে মে মাসে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে দুটি হামলায় ৮০ জনের প্রাণহানি ঘটে।