পাকিস্তান-ইরান গ্যাস পাইপলাইন চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ও ইরান আজ শনিবার দুই দেশের মধ্যে আগামী চার বছরের মধ্যে একটি গ্যাস পাইপলাইন নির্মাণের চুক্তিতে স্বাক্ষর করেছে। দি টাইমস অব ইন্ডিয়া জানায়, ৯০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি দক্ষিণ ইরানের আসালুইয়ে থেকে শুরু হয়ে পাকিস্তানের সীমান্ত এলাকার ইরান শহরে শেষ হবে। এই পাইপলাইন ব্যবহার করে পাকিস্তান ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্র থেকে গ্যাস আমদানি করবে। ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী সাইয়েদ নাভিদ কামার সাংবাদিকদের বলেন, প্রথমে পরিকল্পনা ছিল পাইপলাইনটি স্থাপিত হবে ইরান, পাকিস্তান ও ভারতের মধ্যে। কিন্তু ভারত গত বছর প্রকল্পটি থেকে বেরিয়ে যায়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত গ্যাস ক্রয় ও বিক্রয় চুক্তি সম্পর্কে কামার বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর শেষ পর্যন্ত প্রকল্পটি শুরু হচ্ছে বলে আমি খুবই খুশি। এটা আমাদের শিল্পোন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্বালানি উত্পাদনে সাহায্য করবে।’ কামার আরও বলেন, ‘ইরান আমাদের নিশ্চয়তা দিয়েছে যে তারা নির্ধারিত সময়ের আগেই, দুই-আড়াই থেকে তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কাজ শেষ করবে।’ এই পাইপলাইন ব্যবহার করে যে গ্যাস আমদানি করা হবে তা পাকিস্তানে এখন মোট যে পরিমাণ গ্যাস উত্পাদিত হয় তার প্রায় ২০ শতাংশের সমান বলে অনুমান করা হয়। এ আমদানিকৃত গ্যাস বিদ্যুত্ খাতে ব্যবহার করা হবে।পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, অন্যান্য জ্বালানির বদলে গ্যাস ব্যবহার করে বিদ্যুত্ উত্পাদন করলে প্রতিবছর একটি বড় অঙ্কের অর্থের সাশ্রয় হবে। এ চুক্তির অধীনে ২৫ বছর গ্যাস সরবরাহ করবে ইরান এবং চুক্তিটি নবায়নের সময় এই মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো যেতে পারে। বিবৃতিটি আরও জানায়, ‘বর্তমান প্রকল্প বাস্তবায়ন সময়সূচি অনুযায়ী ২০১৪ সালের শেষের দিকে গ্যাস সরবরাহ শুরু হওয়ার কথা। এ প্রকল্পে পাকিস্তানের মূলধন বাবদ খরচ হবে আনুমানিক ১.৬৫ বিলিয়ন ডলার।’