পাকিস্তান একটি ‘কৃষ্ণ গহ্বর’
পাকিস্তানের জন্য সহায়তা হিসাবে ২৪০ কোটি ডলার চেয়ে ওবামা প্রশাসনের অনুরোধ নাকচ করেছেন মার্কিন আইনপ্রণেতারা। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় আইনপ্রণেতারা এই প্রস্তাব নাকচ করে বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য পাকিস্তান একটি ‘কৃষ্ণ গহ্বর’। পাকিস্তানকে গত এক দশকের বেশি সময়ে যুক্তরাষ্ট্রের দেওয়া দুই হাজার ৪০০ কোটি ডলার জলে গেছে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মার্কিন কংগ্রেসে গত বুধবার শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতা গ্রে অ্যাকারম্যান বলেন, ‘মার্কিন সহায়তার জন্য পাকিস্তান কৃষ্ণ গহ্বর বিশেষ।’ তাঁর ভাষায়, ‘সে দেশে আমাদের করের অর্থ যায়, কূটনীতিকেরা যান, মাঝেমধ্যে আমাদের উন্নয়ন কর্মীরা যান, আমাদের আশা যায়, আমাদের প্রার্থনাও যায়—বিনিময়ে কিছুই ফেরত আসে না।’ পাকিস্তান ক্রমাগত সন্ত্রাসীদের সরাসরি আশ্রয়, সমর্থন ও সাহায্য দিয়ে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার বিরোধিতা করে রিপাবলিকান ডানা রোহরাবাচার বলেন, ‘পাকিস্তানকে সহায়তা দেওয়া বন্ধ করা উচিত। কারণ, এ অর্থ তাঁরা মার্কিন সেনা হত্যাসহ নানা অপকর্মের জন্য ব্যবহার করে।’আফগানিস্তান ও পাকিস্তানে মার্কিন উপবিশেষ প্রতিনিধি ড্যানিয়েল ফেল্ডম্যান বলেন, ‘অভিন্ন স্বার্থের সর্বোচ্চ ব্যবহার ঘটাতে পাকিস্তানের সঙ্গে আমাদের চলমান আলোচনা ফলপ্রসূ হতে আরও কিছুটা সময় লাগবে।’কংগ্রেসম্যান রবার্ট টার্নার বলেন, ‘যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সরকারের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার আলোকে আমি মনে করি, পাকিস্তানের সঙ্গে আমাদের মৌলিক পররাষ্ট্রনীতি-বিষয়ক সম্পর্কের ধরন ও তা থেকে আমাদের লাভবান হওয়ার বিষয়টি পুনর্মূল্যায়ন করা উচিত।’