পাকিস্তান ছাড়াই শান্তিপ্রক্রিয়া চালাবে আফগানিস্তান
আফগান শান্তিপ্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকায় বেশ অসন্তুষ্ট আফগানিস্তান। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাভেদ লুদিন আজ বুধবার রয়টার্সকে বলেছেন, শান্তিপ্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকা ‘হতাশাজনক’। তাই ইসলামাবাদের কোনো ধরনের সাহায্য ছাড়াই শান্তিপ্রক্রিয়া এগিয়ে নেবে আফগান সরকার।রয়টার্স জানায়, পাকিস্তানের সাহায্য ছাড়াই শান্তিপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই প্রথমবারের মতো স্পষ্ট ইঙ্গিত দিল আফগানিস্তান। আঞ্চলিক শক্তি পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলোর দীর্ঘদিনের যোগসূত্রতার কারণে পাকিস্তান দেশটিতে শান্তিপ্রক্রিয়া এগিয়ে নিতে গড়িমসি করছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাগরাম কারাগারের জ্যেষ্ঠ তালেবান নেতাদের আফগানিস্তানের কাছে হস্তান্তর করে। জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনার ক্ষেত্রে তাঁদের ব্যবহার করা হবে বলেও লুদিন জানান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। রয়টার্স জানায়, তালেবান ও অন্য গোষ্ঠীগুলো যাতে শান্তি আলোচনায় অংশ নেয়, সেজন্য আফগান কর্মকর্তারা পাকিস্তানকে অনুরোধ করে আসছিলেন। শান্তি আলোচনায় প্রভাব বিস্তার করতে পারেন এ রকম কয়েকজন জ্যেষ্ঠ তালেবান নেতাকে ইসলামাবাদ মুক্তি দেওয়ার পর, কাবুল শান্তি আলোচনায় কিছুটা এগিয়েছিল। লুদিন বলেন, শান্তি আলোচনায় পাকিস্তানের জায়গা নেবে আফগানিস্তান। কেননা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ২০১৪ সালের শেষের দিকে আফগানিস্তান থেকে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসায় শান্তি আলোচনায় অগ্রগতি জরুরি হয়ে পড়েছে। লুদিন রয়টার্সকে আরও বলেন, ‘আমরা আরও একবার শান্তি আলোচনায় পাকিস্তানের ভূমিকায় “হতাশ”। গত কয়েক মাসে আমাদের সঙ্গে যা ঘটেছে, তাতে আমরা দেখছি, এ ক্ষেত্রে পাকিস্তানের লক্ষ্য পরিবর্তন হয়ে যাচ্ছে।’রয়টার্স আরও জানায়, পাকিস্তানে একটি সামরিক সফর বাতিল করেছে আফগানিস্তান। দেশটির পাহাড়বেষ্টিত সীমান্ত এলাকায় এ সফরটি হওয়ার কথা ছিল। গত সোম ও মঙ্গলবার পাকিস্তান থেকে আফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনার প্রদেশে দুই ডজনের বেশি কামানের গোলা ছোড়া হয়েছে। সামরিক সফর বাতিলের সিদ্ধান্ত এবং কর্মকর্তাদের মধ্যে কূটনৈতিক বাগযুদ্ধের কারণে দেশ দুটির নাজুক সম্পর্ক আরও দুর্বল হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।