পাকিস্তান ছেড়ে যাচ্ছে বিদেশি জঙ্গিরা
একের পর এক মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলা ও ক্রমাগত তহবিল সংকোচনের কারণে পাকিস্তান ছেড়ে সিরিয়া ও অন্যান্য এলাকায় চলে যাচ্ছে বিদেশি তালেবান জঙ্গিরা। গতকাল বুধবার যুক্তরাজ্যের দ্য টাইমস পত্রিকায় প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়।পত্রিকাটির ওই খবরের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমস অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, গত কয়েক মাসে প্রায় ২৫০ তালেবান জঙ্গি পাকিস্তান ছেড়ে গেছে। এর মধ্যে অধিকাংশই বিভিন্ন আরব দেশের নাগরিক। ইসলামাবাদের একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা এ বিষয়ে অবগত থাকলেও জঙ্গিরা নতুন করে কোথায় আস্তানা গড়েছে, এ ব্যাপারে কোনো ধারণা নেই তাদের।টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, ‘যাদের কাছে ভ্রমণে প্রয়োজনীয় আইনি কাগজপত্র রয়েছে তাঁরা পেশোয়ার হয়ে পাকিস্তান ত্যাগ করেছে। অন্যরা পাহাড়ি সীমান্ত এলাকা, বেলুচিস্তানের মরুভূমি বা সাগর পার হয়ে দেশ ছেড়েছে।’পাকিস্তানের এক জঙ্গি জানায়, এক সময় বিদেশি তালেবান সদস্যরা প্রচুর পরিমাণে ফল ও মাংস কিনে খেতে পারত। কিন্তু এক বছর ধরে তারা বলতে গেলে দিন আনে দিন খায়। আরব দেশগুলো থেকে যথেষ্ট পরিমাণে আর্থিক সহায়তা না পাওয়ায় জঙ্গিরা ব্যাপক সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল বলে মনে করেন তিনি।আরব দেশগুলো থেকে আসা বেশির ভাগ তালেবান জঙ্গির নাকিন নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। এই নেটওয়ার্কের অধীনে প্রায় দুই হাজার জঙ্গি ছিল বলে জানা গেছে। এই নেটওয়ার্কটি আরব দেশগুলোর সহায়তায় কাজ করছে বলে জানান উত্তর ওয়াজিরিস্তানের এক জঙ্গি নেতা।