পাকিস্তান ট্র্যাজেডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[বিদেশি পত্রিকায় ’৭১১৯৭১-এর শুরু থেকেই বিদেশি গণমাধ্যম বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। এতে বিশ্বজনমত তৈরি হয়েছে বাংলাদেশের পক্ষে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৩১টি পত্রিকায় প্রকাশিত এমন কিছু সংবাদ, সম্পাদকীয় ও রাজনৈতিক বিশ্লেষণের বিবরণ থাকছে এই মার্চেসম্পাদকীয়, দি এজ, ক্যানবেরা]পাকিস্তানের সাংবিধানিক সংকট গণযুদ্ধে রূপ নেওয়ার এক দিন আগেও মনে হয়েছে, তিক্ত বিভাজন সত্ত্বেও শান্তিপূর্ণ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে পাকিস্তানকে ধরে রাখা সম্ভব হতে পারে; সেই সঙ্গে সম্ভব হতে পারে গণতান্ত্রিক বেসামরিক শাসনে প্রত্যাবর্তন। কিন্তু গত কয়েক দিনের মর্মান্তিক ঘটনা এ আশা ধূলিসাত্ করে দিয়েছে। সহিংস অভ্যুত্থানে পূর্ব পাকিস্তানে কী ঘটেছে, তা স্পষ্ট নয়। সংবাদমাধ্যমের ওপর আরোপিত কড়া নিষেধাজ্ঞা এবং বৈদেশিক সংবাদদাতাদের বের করে দেওয়ায় সত্য ঘটনা ঢাকা পড়ে আছে। কিন্তু আপাতদৃষ্টিতে মনে হয়েছে, ক্ষুব্ধ বাঙালিদের জনপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমানের প্রধান দাবিগুলো প্রেসিডেন্ট ইয়াহিয়া নীতিগতভাবে মেনে নিয়েছেন— বাঙালিদের অধিকতর স্থানীয় স্বায়ত্তশাসনের সোচ্চার দাবি পশ্চিম পাকিস্তানিদের প্রাধান্যে গঠিত সামরিক সরকার এত দিন দাবিয়ে রেখেছে।এ সংকটের সমঝোতা ও নিষ্পত্তির যে আশাপ্রদ দিক-নির্দেশনা দেখা গিয়েছিল তা আবার উল্টে গেল, যখন কথামতো সামরিক আইন প্রত্যাহার ও সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার পরিবর্তে পূর্ব পাকিস্তানের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং শেখ মুজিবুরের দল আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করল। শেখ মুজিব এর জবাব দিলেন গোপন রেডিও স্টেশন থেকে তাঁর নিয়ন্ত্রণে থাকা প্রদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। বাঙালি এ রকম একটি প্রতিরোধের প্রত্যাশায় ছিল দীর্ঘদিন ধরে। কিন্তু এ ধরনের একটি শক্তিশালী সেনাবাহিনীর মোকাবিলা করার পরিণতি কী হতে পারে, তা শেখ মুজিবের অজানা ছিল না। প্রেসিডেন্ট ইয়াহিয়া একে রাষ্ট্রদ্রোহ মনে করার এবং বর্বরোচিত রক্তপাতের সুযোগ নেবেন।আপাতত মনে হতে পারে, সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে বিদ্রোহকে সামাল দিতে পেরেছে। কিন্তু শক্তিশালী একতাবদ্ধ পাকিস্তানের যে লক্ষ্য প্রেসিডেন্ট ইয়াহিয়া নির্ধারণ করেছেন, তা এখন সুদূরপরাহত বলেই মনে হচ্ছে। তাঁর সেনাবাহিনী হয়তো কেন্দ্রের ছায়ায় পূর্ব পাকিস্তানে একটি শাসনব্যবস্থা দাঁড় করিয়ে দিতে পারে। যে দলটি কেবল পূর্ব পাকিস্তানে অভাবিত সমর্থনই পায়নি, স্থগিত জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাও লাভ করেছে, সেই আওয়ামী লীগকে হয়তো দাবিয়ে রাখার চেষ্টাও করা হতে পারে। এ নির্বাচনে কেবল প্রথমবারের মতো রাজনৈতিক ও সামরিক ক্ষমতা নয়, পশ্চিম পাকিস্তানি সংখ্যালঘুদের কর্তৃত্বের অবসান ঘোষিত হয়েছিল। কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনগণকে শত্রু বানিয়ে সামরিক শক্তি প্রয়োগ করে অনির্দিষ্টকাল একটি দেশকে ধরে রাখা যায় না। বিদ্যমান জাতিগত বিভেদ, আচার ও ভাষাগত বৈষম্য এবং ভৌগোলিক অবস্থান, অসন্তোষ ও ঘৃণার দুর্লঙ্ঘ্য বাধা এর সঙ্গে যোগ হয়েছে।গত কয়েক দিনের সহিংস হত্যাযজ্ঞ যদি ন্যায্য ও শান্তিপূর্ণ সমাধানের পথ ইতিমধ্যেই রুদ্ধ করে না থাকে, তাহলে প্রেসিডেন্ট ইয়াহিয়ার উচিত হবে পূর্ব পাকিস্তানকে পূর্ণ স্বায়ত্তশাসন দিয়ে একটি ফেডারেল কাঠামোর আওতায় নিয়ে আসার প্রস্তাবকে স্বাগত জানানো। অন্যথায় পাকিস্তান সম্পূর্ণভাবে ভেঙে যাবে। কিন্তু সবার আগে দরকার হত্যাযজ্ঞ বন্ধ করা।