প্রতিরোধের মার্চ: বিদেশি পত্রিকায় ’৭১ ১৯৭১-এর শুরু থেকেই বিদেশি গণমাধ্যম বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। এতে বিশ্বজনমত তৈরি হয়েছে বাংলাদেশের পক্ষে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৩১টি পত্রিকায় প্রকাশিত এমন কিছু সংবাদ, সম্পাদকীয় ও রাজনৈতিক বিশ্লেষণের বিবরণ থাকছে এই মার্চে দ্য ওয়াশিংটন পোস্ট
পাকিস্তান ট্র্যাজেডি
সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে পাকিস্তানের অধিকতর জনবহুল পূর্বাংশ রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পথে এগোচ্ছিল। ১৯৪৭ সালে ব্রিটিশ-ভারত ব্যবচ্ছেদের পর থেকে মুসলমান অধ্যুষিত পাকিস্তানের পশ্চিমাংশ পূর্বাংশের ওপর আধিপত্য বিস্তার ও শোষণ করে আসছে। তাই পূর্বাংশের হুমকি শাসকেরা ঠিকভাবে অনুধাবন করেছেন এবং ক্ষমতা অর্পণ না করে অচলাবস্থা সৃষ্টি করেছেন। পূর্বাংশকে স্বায়ত্তশাসন দিয়ে অখণ্ড পাকিস্তান ফেডারেশনের আওতায় ধরে রাখার জন্য কোনো সাংবিধানিক ফর্মুলা উদ্ভাবন করা যায় কি না তা নিয়ে আলোচনা চলছিল। আলোচনা সফল হচ্ছে, নাকি ভেস্তে যাচ্ছে, এর কোনটা পাকিস্তানের ক্ষমতাসীনেরা অনুধাবন করেছেন, তা স্পষ্ট নয়। তবে কোনো ধরনের আভাস না দিয়ে কিংবা সশস্ত্র উসকানি ছাড়াই গত শুক্রবার রাতে মেশিনগান, রিকয়েললেস রাইফেল দিয়ে গুলি চালানো হয়েছে, ট্যাংক থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে মূলত নিরস্ত্র অথবা স্বল্প প্রতিরোধ সৃষ্টিকারী পূর্ব পাকিস্তানি জনগণের ওপর। এটা স্পষ্ট হয়ে উঠেছে যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে—এ সংখ্যাটি কেবল অনুমানই করা সম্ভব। কারণ, পাকিস্তান সরকার সংবাদের ওপর সেন্সরশিপ আরোপ করেছে এবং সব বিদেশি সংবাদদাতার নেওয়া নোট ও ছবির ফিল্ম বাজেয়াপ্ত করে তাঁদের দেশ থেকে বহিষ্কার করেছে।পশ্চিম পাকিস্তান সরকার পূর্বাংশ ঢাকার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি জানিয়েছে। কিন্তু পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি মানুষের অর্থবহ রাজনৈতিক আনুগত্য লাভের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি অলীক কল্পনামাত্র। কিছুকাল আগেও ঢাকায় মধ্যপন্থীদের ধারণা ছিল, পাকিস্তান ফেডারেশনের অংশ হিসেবে পূর্ব পাকিস্তান আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা করে চলবে। মধ্যপন্থীরা নীরব হয়ে গেছে, কারণ দেশজুড়ে রাজনৈতিক অনুভূতির জোয়ার এখন পূর্ণ স্বাধীনতার পক্ষে—স্বাধীন বাংলাদেশের জন্য। বাংলাদেশ মানে বাঙালিদের দেশ। সহস্র মাইল ভারতীয় ভূখণ্ডের দ্বারা আগে থেকেই বিচ্ছিন্ন বাংলা। সেই সঙ্গে ভাষা ও সংস্কৃতির ভিন্নতা এবং সবশেষে এই রক্তপাত পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবের সঙ্গে বাংলার দূরত্ব আরও বাড়িয়েই দিয়েছে। এ সময় বাঙালিদের প্রতিরোধের ধরন কেমন হবে তা নিশ্চিত বলা যাচ্ছে না, ঘটনাই বলে দেবে পরিণতি কী।যুক্তরাষ্ট্র সাম্যবাদবিরোধী শক্তি হিসেবে পাকিস্তানকে এত বছর ধরে যেভাবে অস্ত্রে সজ্জিত করছে এবং উন্নয়নের সহযোগিতা দিয়ে যাচ্ছে, তা যে কতটা অপ্রাসঙ্গিক, বহিরাগত ব্যক্তিরা যে চোখ দিয়ে পাকিস্তানকে দেখছে, তাতে এটা স্পষ্টই ধরা পড়ছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র গ্রহীতা সরকার নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধেই সেই অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। এটা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু আসল ট্র্যাজেডি তো পাকিস্তানেরই।(৩০ মার্চ ১৯৭১-এ প্রকাশিত)অনুবাদ: এম এ মোমেন