পাকিস্তান থেকে আনা অস্ত্র বাংলাদেশ হয়ে আসামে ঢুকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সরকারের ভেতরে থাকা উগ্রপন্থী একটি অংশ উলফাকে (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) অস্ত্র সরবরাহ করত। আর এই অস্ত্র বাংলাদেশ হয়ে আসামে ঢুকত।উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া গত শুক্রবার ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি বলেছেন, উলফা ১৯৯০ সাল থেকে পাকিস্তান থেকে অস্ত্র সরবরাহ পাচ্ছে।ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার পক্ষ থেকে এই প্রথম পাকিস্তান থেকে অস্ত্র সংগ্রহ এবং বাংলাদেশের মধ্য দিয়ে তা পরিবহনের কথা স্বীকার করা হয়েছে। রাজখোয়া বলেন, অস্ত্রের এই বাণিজ্যিক লেনদেনের কারণে উলফার অভ্যন্তরে চরম ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। কারণ উলফা অস্ত্র কেনাবেচার মূল মাধ্যম হওয়ায় নাগাল্যান্ড, মণিপুর ও ত্রিপুরার সমমনা গোষ্ঠীগুলোর (বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী) মধ্যে অবিশ্বাস জন্মায়।ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্যে রাজখোয়ার নেতৃত্বে উলফার একটি দল বর্তমানে ওই দেশের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছে।হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাজখোয়া বলেন, অত্যাধুনিক অস্ত্রের চালান বাইরে থেকে জাহাজে করে প্রথমে বাংলাদেশে আনা হয়। এরপর সেখান থেকে ট্রাকে করে নেওয়া হয় আসামে। তিনি বলেন, অস্ত্রের একটি বড় চালান ধরে পড়ে বাংলাদেশের চট্টগ্রামে। এ ছাড়া ধরা পড়া এড়াতে একবার পুরো এক জাহাজ অস্ত্র সাগরে ডুবিয়ে দেওয়া হয়। তবে অস্ত্র আনার ক্ষেত্রে অধিকাংশ সময় তাঁরা সফল হয়েছেন। রাজখোয়া বলেন, ‘পরিহাসের বিষয় হলো, আমাদের আটক করা অস্ত্র এখন ব্যবহার করছে বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), যারা আমাকে আটক করেছিল।’প্রসঙ্গত, ২০০৪ সালের এপ্রিলে চট্টগ্রামে ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় ১০ ট্রাক সমরাস্ত্র আটক করে পুলিশ। এই মামলায় সম্প্রতি সিআইডি সম্পূরক অভিযোগপত্র দিয়েছে। তাতে বাংলাদেশের দুটি গোয়েন্দা সংস্থার তৎকালীন কয়েকজন শীর্ষ কর্মকর্তা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীসহ অন্যদের সঙ্গে উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়াকেও আসামি করা হয়েছে। সাক্ষাৎকারে রাজখোয়া বলেন, ‘গণতান্ত্রিক কোনো পথ না থাকায় উলফা অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছে। আসামের মানুষ তাদের নিজেদের ভূখণ্ডে রাজনৈতিক অধিকার হারাচ্ছে। এমনকি অবৈধ অভিবাসন চলছে অব্যাহতভাবে। তার পরও আমরা জানি, সামরিক পন্থায় এসব সমস্যার সমাধান সম্ভব নয়।’ এদিকে পিটিআইসহ ভারতের কয়েকটি গণমাধ্যম জানায়, নয়াদিল্লিতে গত শুক্রবার উলফা নেতা অরবিন্দ রাজখোয়া স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে আসামে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরুর আগে উলফার পক্ষ থেকে দাবিনামা তুলে ধরা হয়। বৈঠক শেষে উলফার আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক শশধর চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে পালিয়ে থাকা উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া সম্পর্কে কোনো আলোচনা হয়নি। পরেশ বড়ুয়া শান্তি আলোচনার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি। তাঁর সঙ্গে সম্প্রতি আমাদের কোনো যোগাযোগ নেই। শুনেছি তিনি এখন মিয়ানমারে রয়েছেন। আমাদের বিশ্বাস, তিনিও একদিন শান্তি আলোচনার সঙ্গে যুক্ত হবেন।’১৯৯৭ সাল থেকে বাংলাদেশের কারাগারে বন্দী থাকা উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া সম্পর্কে শশধর চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে পৌঁছাবেন অনুপ চেটিয়া।’উলফা নেতাদের দাবি এবং ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০০৯ সালের শেষ দিকে সংগঠনটির চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চিত্রবন হাজারিকা, পররাষ্ট্রবিষয়ক সম্পাদক শশধর চৌধুরী, সামরিক শাখার উপপ্রধান রাজু বড়ুয়া ও তাঁদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে আটক করা হয়। পরে তাঁদের ভারতের কাছে হস্তান্তরের পর সে দেশে গ্রেপ্তার দেখানো হয়। কিছুদিন পর তাঁরা সবাই জামিনে মুক্তি পেয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেন।