পাকিস্তান থেকে কিছু সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেন্টাগন পাকিস্তান থেকে কিছু মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের এমন অনুরোধ পাওয়ার পর পেন্টাগন এ সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ কথা জানিয়েছে। পেন্টাগন জানিয়েছে, পাকিস্তানে দুই শতাধিক মার্কিন সেনা রয়েছে। তারা পাকিস্তানি সেনাদের প্রশিক্ষক হিসেবে কাজ করছে। দুই সপ্তাহ আগে ইসলামাবাদ সে দেশে অবস্থানরত মার্কিন সেনা হ্রাস করার অনুরোধ জানায়। তবে পাকিস্তান থেকে খুব কম সংখ্যক মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে পেন্টাগনের একজন মুখপাত্র জানিয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, মার্কিন অভিযানে রাজধানীর কাছে অ্যাবোটাবাদে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তান ক্ষুব্ধ হয়ে সেনা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। তা ছাড়া পেন্টাগনের বিরুদ্ধে পাকিস্তানে মার্কিন গোয়েন্দা বা অভিযান পরিচালনাকারী বিশেষ বাহিনীর কর্মতত্পরতা অব্যাহত রাখার অভিযোগ রয়েছে ।