পাকিস্তান থেকেই লাদেন হত্যার অভিযান!
পাকিস্তান মিলিটারি একাডেমি চত্বর থেকেই আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের হত্যা অভিযান চালানো হয়। এমনকি ওসামা হত্যা অভিযানের কথা পাকিস্তানের সেনাপ্রধান আশরাফ পারভেজ কায়ানিও জানতেন। ‘লিডিং ফ্রম বিহাইন্ড: দ্য রিলাকট্যান্ট প্রেসিডেন্ট অ্যান্ড দ্য অ্যাডভাইজরস হু ডিসাইড ফর হিম’ নামের একটি বইয়ে এমনটিই দাবি করেছেন প্রখ্যাত মার্কিন সাংবাদিক রিচার্ড মিনিটার। ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্টের সাবেক এ সাংবাদিকের লেখা বইটি ইতিমধ্যেই তুমুল সাড়া জাগিয়েছে। বইটিতে লেখক দাবি করেন, বিন লাদেন হত্যা অভিযানের পাঁচ মাস আগে ২০১০ সালের ডিসেম্বরে পাকিস্তানের সেনাপ্রধানকে এ ব্যাপারে জানানো হতে পারে। গত বছর ওসামা হত্যা অভিযানের আগেই গোপনে তাঁর অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য জানিয়েছিল পাকিস্তান। এর পরিপ্রেক্ষিতেই ওসামা হত্যা মিশনে গোপন সম্মতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।বইটিতে আরও উল্লেখ করা হয়, বিন লাদেনের অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছিলেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একজন কর্নেল। ২০১০ সালের আগস্ট মাসে সিআইয়ের ইসলামাবাদ স্টেশনে গিয়ে ওসামা সম্পর্কে তথ্য দেন ওই কর্নেল। বইটিতে বলা হয়, ওসামা হত্যা অভিযানে মার্কিন দাবির চেয়েও বড় পরিসরে পাকিস্তানের সম্পৃক্ততা ছিল। যুক্তরাষ্ট্র ওসামা হত্যা অভিযানে পাকিস্তানি কর্নেলের জড়িত থাকার কথা জানানোর পর থেকেই এ নিয়ে বিতর্ক শুরু হয়। পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি উঁচু প্রাচীরঘেরা কংক্রিটের বাড়িতে গত বছরের ২ মে মার্কিন বাহিনীর অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন।