পাকিস্তান দল থেকে ইউনুস-ইউসুফ-মালিক-রানা নাভেদ বহিষ্কৃত, আফ্রিদি ও আকমল ভাইদের জরিমানা
পাকিস্তান ক্রিকেট দল থেকে বহিষ্কৃত হলেন দুজন সিনিয়র ক্রিকেটার ইউনুস খান ও মোহাম্মদ ইউসুফ। এ ছাড়া সুনির্দিষ্টভাবে শোয়েব মালিক ও রানা নাভিদুল হাসানকে এক বছরের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সফরের শোচনীয় ব্যর্থতা ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে আজ বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।ইউনুস খান ও মোহাম্মদ ইউসুফের ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড বহিষ্কারাদেশের কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেনি। তাঁদের আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে কি না এমন কানাঘুষার জবাবে অবশ্য পিসিবির আইন উপদেষ্টা তফাজ্জল রিজভি জানিয়েছেন, ‘আজীবন নিষিদ্ধ হওয়ার মানে তাঁরা পাকিস্তানের মাটিতে কোনো ধরনের ক্রিকেটেই অংশ নিতে পারবেন না। এমনকি তাঁরা ঘরোয়া ক্রিকেটেও অংশ নিতে পারবেন না। কিন্তু তাঁরা বর্তমান বহিষ্কারকালীন ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারবেন।’ পাকিস্তানের এই দুই সিনিয়র ক্রিকেটারের এবারের বহিষ্কারাদেশের ফলে তাঁদের আন্তর্জাতিক ক্যারিয়ারই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। মোহাম্মদ ইউসুফ, ইউনুস খান, শোয়েব মালিক ও রানা নাভিদের নিষেধাজ্ঞার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ড দলের আরও তিনজন সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাঁরা হলেন শহিদ আফ্রিদি, কামরান আকমল ও উমর আকমল। তাঁদের তিনজনকেই ২০ থেকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে ।গত মাসের অস্ট্রেলিয়া সফরের প্রতিটি ম্যাচেই পাকিস্তান পরাজিত হয়। সেখানে একটি ম্যাচও জিততে না পারায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড গঠিত তদন্ত কমিটির মুখোমুখি করা হয় পাকিস্তান দলের খেলোয়াড়দের। কমিটি তদন্ত শেষে বোর্ড সভাপতি ইজাজ বাটের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন পেশ করার পরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড এ সিদ্ধান্ত নেয়।এদিকে মোহাম্মদ ইউসুফ ও ইউনুস খানকে অনির্দিষ্টকালের জন্য পাকিস্তান দলে নিষিদ্ধ করায় এক ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, ক্রিকেট বোর্ড এই দুজন সিনিয়র খেলোয়াড়কে আর কখনই জাতীয় দলের জন্য বিবেচনা না করার ব্যাপারে এক ধরনের সিদ্ধান্তই নিয়ে ফেলেছে। কী ধরনের অপরাধের কারণে এই দুজন সিনিয়র খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে—এ ব্যাপারে খোলাখুলি কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইন উপদেষ্টা তফাজ্জল রিজভি। তবে এই দুই খেলোয়াড় আগেও বিভিন্ন বিতর্কিত ব্যাপারে ক্রিকেট বোর্ডের বিরক্তির কারণ হয়েছিলেন। ইউনুস খান আগে দুবার দল থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলেন। তাঁর অধিনায়কত্বের সময়েই শোয়েব মালিকের নেতৃত্বে খেলোয়াড় বিদ্রোহে উন্মাতাল হয়েছিল পাকিস্তানের ক্রিকেট। ২০০৮ সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছিল। তবে নিজেই আইসিএলের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে ইউসুফ আবার দলে ফিরে আসেন।অন্যদিকে ইউনুস-ইউসুফের মতো শোয়েব মালিক ও রানা নাভিদুল হাসানের নিষিদ্ধ হওয়ার কারণও অস্পষ্ট। তবে শহিদ আফ্রিদি, কামরান আকমল ও উমর আকমলের নিষিদ্ধ হওয়ার কারণ অনেকটাই স্পষ্ট। কামরান আকমল সিডনি টেস্টে দল থেকে বাদ পড়ার পর অনেকটা প্রকাশ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করেন। তাঁর বড় ভাই বাদ পড়ার প্রতিবাদে ইনজুরির ভান করে দল থেকে সরে দাঁড়ান, পরে অবশ্য তিনি টেস্টটি খেলেছেন। শহিদ আফ্রিদি পার্থে বলে কামড় দিয়ে এই শাস্তির মুখোমুখি হয়েছেন। অর্থ জরিমানার পাশাপাশি এই তিন খেলোয়াড়কে ছয় মাসের পর্যবেক্ষণে রাখা হয়েছে।