পাকিস্তান দিয়ে পার হলো ন্যাটোর ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ সাত মাস পর আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো ন্যাটোর রসদবাহী দুটি ট্রাক পাকিস্তান সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে গেছে। পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। গত বছর নভেম্বরে ন্যাটোর বিমান হামলায় পাকিস্তানের ২৪ সেনা নিহত হন। ওই ঘটনায় আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয় পাকিস্তান। তবে ওই ঘটনায় সম্প্রতি ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করায় ন্যাটোর রসদ সরবরাহের পথ আবার খুলে দেওয়ার ঘোষণা দেয় ইসলামাবাদ। পাকিস্তানের কর্মকর্তারা জানান, আজ ন্যাটোর কমপক্ষে দুটি রসদবাহী ট্রাক পাকিস্তানের চামান সীমান্ত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছে। আরও অনেক বড় বড় ট্রাক পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর করাচিতে সীমান্ত পার হওয়ার অপেক্ষায় আছে।পাকিস্তানের এ সিদ্ধান্তের ফলে ন্যাটোর অনেক অর্থ বাঁচবে। পাকিস্তান আশা করছে, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অন্যান্য দেশের সঙ্গে তাদের সম্পর্কের উন্নয়ন ঘটাবে।