হারলেই বিশ্বকাপ থেকে বিদায়—এমন একটা সমীকরণ মাথায় রেখেই আজ ব্রিজটাউনে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে দুই দলই হেরে যাওয়ায় সেমির স্বপ্ন ধরে রাখতে জয়ের বিকল্প নেই কারোরই। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান এবারে কেবল বাংলাদেশকে হারাতে পেরেছে। তাও আবার হারের চোখ রাঙানি পেরিয়ে। এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরাজয়কে সঙ্গী করে সুপার এইটে ওঠার পর, শেষ আটের প্রথম লড়াইয়েই ইংল্যান্ডের কাছে হেরে গেছে তারা। ব্যাটিং ব্যর্থতাই এবারের আসরে পাকিস্তানকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে কয়েকটি সহজ ক্যাচ ছেড়ে দেওয়ার পর যারপরনাই হতাশ পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি বলেছেন, ‘আমরা এ ধরনের সমস্যা এড়াতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। তবে বারবার কেন এমন হচ্ছে বুঝতে পারছি না।’অন্যদিকে গ্রুপ পর্বে দুটি ম্যাচেই জয় পাওয়া নিউজিল্যান্ড সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ১৩ রানে হেরে বিদায়ের শঙ্কায় পড়েছে। বোলারদের ব্যর্থতা নিউজিল্যান্ডকে জিততে দেয়নি প্রোটিয়াদের বিপক্ষে। বোলিং ব্যর্থতার কথা স্বীকার করেছেন কিউই দলপতি ড্যানিয়েল ভেট্টরিও। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘শেষ চারে উঠতে হলে আমাদের বোলিং ভালো করতেই হবে।’ তিন আরও বলেন, ‘সুপার এইটে আসার পর আমাদের আর ভুল করার কোনো সুযোগ নেই।’