পাকিস্তান নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত
পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। গতকাল শুক্রবার ১৯৩ ভোটের মধ্যে ১২৯ ভোট পেয়ে দেশটি এই পরিষদের সদস্য নির্বাচিত হয়। অপরদিকে ভারতও বর্তমান মেয়াদের পাশাপাশি আরেক দফায় সংস্থাটির অস্থায়ী সদস্যপদ পেয়েছে। বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে।পাকিস্তানের এই অস্থায়ী সদস্যপদ থাকবে আগামী ১ জানুয়ারি থেকে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ার জন্য মোট সদস্যের দুই তৃতীয়াংশ সমর্থন দরকার। পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী কিরগিজস্তান পেয়েছে ৫৫ ভোট।ভারত ২০১১-১২ মেয়াদের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। আরেক দফায় দায়িত্ব পালনের জন্য দেশটি ১৮৭ ভোট পেয়েছে।দেশ দুটির পাশাপাশি মরক্কো, গুয়েতেমালা ও টোগো এই পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে।সপ্তমবারের মতো নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল্লাহ হোসেন হারুন। ভারতের সঙ্গে আগামী বছর থেকে তাঁর দেশ ভালোভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।সর্বশেষ ১৯৭৭ সালে ভারত ও পাকিস্তান একসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। এদিকে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ইরান ও সিরিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপে পাকিস্তান ভেটো দিতে পারে।