পাকিস্তান পার্লামেন্টে একদিন ক্ষমাপ্রস্তাব গৃহীত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের গণহত্যার জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত বলে আবারও মন্তব্য করলেন পাকিস্তানের সাংবাদিক হামিদ মির। গতকাল শনিবার সকালে ঢাকায় দৈনিক প্রথম আলোর কার্যালয়ে পত্রিকাটির জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি তাঁর এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।হামিদ মির বলেন, বাংলাদেশের কাছে ক্ষমাপ্রার্থনার পক্ষে পাকিস্তানের পার্লামেন্টে একটি ক্ষমাপ্রস্তাব উত্থাপনের জন্য তিনি দেশটির রাজনৈতিক মহলে আলোচনা করছেন, সংসদ সদস্যদের বোঝানোর চেষ্টা করছেন। ইতিমধ্যে দুজন সংসদ সদস্য তাঁর সঙ্গে একমত প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন। সাবেক ক্রিকেটার ইমরান খানও সম্প্রতি তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন বলে তিনি জানান। হামিদ মির আশা প্রকাশ করেন, একদিন পাকিস্তানের পার্লামেন্টে ক্ষমাপ্রস্তাব উত্থাপিত ও গৃহীত হবে।একাত্তরের ঘটনা স্মরণ করে হামিদ মির বলেন, পাকিস্তানের বুদ্ধিজীবী সমাজের একটি অংশ বাঙালিদের ওপর পাকিস্তানি সামরিক বাহিনীর বর্বরতার বিরুদ্ধে ছিল, কিন্তু দেশটির সংবাদমাধ্যম স্বাধীন ছিল না বলে পাকিস্তানের সাধারণ মানুষ প্রকৃত ঘটনাবলি সম্পর্কে সঠিক তথ্য পায়নি। তিনি বলেন, একাত্তরের ষোলোই ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবর পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষ জানতে পেরেছিল ১৯-২০ ডিসেম্বর নাগাদ। তিনি আরও বলেন, পাকিস্তানের অধিকাংশ সাধারণ মানুষের ধারণা, একাত্তরে পাকিস্তানকে বিভক্ত করেছে ভারত। একে বিভ্রান্তি হিসেবে বর্ণনা করে হামিদ মির বলেন, এর জন্য পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রচলিত পাঠ্যবইগুলোর অবদান রয়েছে। সচেতন শিক্ষিত পাকিস্তানি বুদ্ধিজীবী সমাজের অধিকাংশই মনে করে, একাত্তরে পাকিস্তানি সামরিক বাহিনী বিরাট ভুল করেছে।পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিয়ো টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রথম আলোর কলাম লেখক হামিদ মির ঢাকায় এসেছিলেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ২০ বছর পূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে।হামিদ মির আরও জানান, ঢাকায় কিছুসংখ্যক অবাঙালি জেনেভা ক্যাম্প থেকে তাঁর সঙ্গে হোটেলে দেখা করে পাকিস্তানের ক্ষমা চাওয়ার পক্ষে তাঁর অবস্থানের প্রতিবাদ জানান। একই সময় তাঁরা বলেন, একাত্তরে পাকিস্তানি বাহিনী বিহারিদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য করেছিল।‘পাকিস্তানি সেনাবাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করে ভারতে চলে গেছে, তারপর ফিরে গেছে পাকিস্তানে। আর আপনারা যেখানে ছিলেন, সেখানেই রয়ে গেছেন। আপনারা এখনো পাকিস্তানে যেতে চান; কিন্তু পাকিস্তান আপনাদের নিতে রাজি নয়। সুতরাং আপনারা বাংলাদেশকে নিজেদের দেশ হিসেবে গ্রহণ করুন, এই দেশ ও এই সমাজের সঙ্গে একাত্ম হয়ে যান।’ হামিদ মির তাঁর সঙ্গে সাক্ষাৎ করা অবাঙালিদের এই পরামর্শ দিয়েছেন বলেও জানান।‘আমাদের কদর্য অতীত ভুলে গিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে’ মন্তব্য করে হামিদ মির বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বিরোধ ও বিচ্ছিন্নতা নয়; প্রয়োজন মিলন, সম্প্রীতি, ঐক্য, পরস্পরের কাছে আসা। ইউরোপীয় ইউনিয়নের মতো না হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলো অভিন্ন আঞ্চলিক স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারে এবং সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সীমান্তগুলোর কঠোরতা কমিয়ে নমনীয় করতে হবে। শুধু সরকারে সরকারে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেই নয়; জনগণ পর্যায়ে, মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতিসহ অন্যান্য সব ক্ষেত্রে দেশগুলোর মধ্যে সেতুবন্ধ রচনায় সংবাদমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ তিনি আরও বলেন, ‘প্রজন্ম আসবে, তাদের জন্য আমাদের ক্ষেত্র প্রস্তুত করতে হবে।’বাংলাদেশের কাছে পাকিস্তানের অনেক কিছু শেখার রয়েছে মন্তব্য করে হামিদ মির বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যম পাকিস্তানের সংবাদমাধ্যমের চেয়ে বেশি স্বাধীন ও সক্রিয়। বাংলাদেশ জঙ্গিবাদ দমনে অনেকটাই সফল হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহতভাবে বাড়ছে এবং কিছু ব্যতিক্রমী সময় বাদে বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যাপারে সামরিক বাহিনীর ভূমিকা মোটের ওপর নিয়ন্ত্রণে রয়েছে। চড়াই-উতরাই সত্ত্বেও বাংলাদেশ গণতান্ত্রিক পথেই রয়েছে বলে তিনি মন্তব্য করেন।