পাকিস্তান বাধা দিলে প্রতিহত করার নির্দেশ ছিল ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামা বিন লাদেনের আস্তানায় অভিযান চালানোর সময় পাকিস্তানের সেনাবাহিনী বাধা দিলে তাদের প্রতিহত করতে মার্কিন বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এমনকি প্রাথমিক পরিকল্পনায় এই অভিযানে যে পরিমাণ অস্ত্র ব্যবহার ও সেনা নিয়োগের প্রস্তাব করা হয়েছিল, ওবামা তা বাতিল করে পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করার মতো পর্যাপ্ত সেনা দল পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।পত্রিকাটি বলেছে, ওবামা প্রশাসন ও মার্কিন বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা তাদের বলেছেন, প্রেসিডেন্ট ওবামার প্রত্যক্ষ তত্ত্বাবধানে অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করা হয়।মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পত্রিকাটিকে বলেন, ‘তাদের (অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনাদের) সংঘর্ষে জড়িয়ে না পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অভিযানে গিয়ে বাধার মুখে পড়লে পাল্টা গুলি চালানোর অনুমতিও তাদের দেওয়া ছিল।’ওই কর্মকর্তা জানান, অভিযানের বিষয়ে সর্বপ্রথম যে পরিকল্পনা করা হয়, তাতে বলা হয়েছিল, অভিযান পরিচালনাকারী দলকে সহায়তার জন্য সীমান্তসংলগ্ন আফগান ভূখণ্ডে মার্কিন সেনা বোঝাই দুটি হেলিকপ্টার তৈরি থাকবে। অভিযানকারীরা বাধার মুখে পড়লে বা আক্রান্ত হলে তাদের খবর দেওয়া হবে। ৯০ মিনিটের মধ্যে সাহায্যকারী দুটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে যাবে।নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, অভিযানের ১০ দিন আগে প্রেসিডেন্ট ওবামা নিজে ওই পরিকল্পনা পর্যালোচনা করেন। পর্যালোচনা শেষে ওবামা মার্কিন কর্মকর্তাদের জানান, তিনি মনে করেন অভিযানে অংশ নেওয়া সেনাদের সহায়তায় এগিয়ে আসার জন্য যে সংখ্যক সেনা আফগানিস্তানে রাখার পরিকল্পনা করা হয়েছে, তা তাদের সুরক্ষা নিশ্চিত করতে যথেষ্ট নয়। তিনি প্রাথমিক পরিকল্পনা সংশোধন করে আফগানিস্তানে অপেক্ষমাণ সহায়তাকারী দুটি হেলিকপ্টারের সঙ্গে আরও দুটি হেলিকপ্টার যুক্ত করার নির্দেশ দেন। তিনি প্রয়োজনে আরও বেশিসংখ্যক সেনা পাঠানোর ব্যাপারেও মত দিয়েছিলেন বলে এক কর্মকর্তা পত্রিকাটিকে জানান।নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক কর্মকর্তা বলেন, পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যাতে সংঘর্ষে জড়িয়ে পড়তে না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছিল। মার্কিন বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বলা হয়েছিল, পাকিস্তানের সেনাবাহিনী তাঁদের ওপর হামলা চালালে সংঘাত এড়াতে তাঁরা যেন পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেন।প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী আরব সাগরে কার্ল ভিনসেন নামের মার্কিন এয়ারক্র্যাফট ক্যারিয়ারে (বিমানবাহী রণতরী) দুটি বিশেষজ্ঞ দল অপেক্ষমাণ ছিল। লাদেন নিহত হলে তাঁকে সমাহিত করার জন্য একটি দলকে রাখা হয়েছিল। যদি লাদেনকে জীবিত অবস্থায় ধরা হয়. তাহলে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য আইনজ্ঞ, জিজ্ঞাসাবাদকারী ও দোভাষীর সমন্বয়ে গঠিত অপর দলটি প্রস্তুত ছিল। প্রতিবেদনে বলা হয়, অভিযানে অংশ নেওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে আফগানিস্তানের ভূখণ্ডে অপেক্ষমাণ হেলিকপ্টারগুলোর মধ্য থেকে একটিকে অ্যাবোটাবাদে পাঠানো হয়। এ ছাড়া অভিযান চলাকালে পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে কী প্রতিক্রিয়া হচ্ছিল, তা নজরদারি করছিল একটি টহল হেলিকপ্টার।বিন লাদেন হত্যার পরপরই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান লিওন প্যানেট্রা বলেছিলেন, পরিকল্পনা ভেস্তে হওয়ার শঙ্কা থেকেই ইসলামাবাদকে তাঁরা কিছু জানাননি। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক গত সোমবার আল আরাবিয়া টেলিভিশনকে বলেন, অভিযান শুরুর ১৫ মিনিটের মধ্যেই তাঁকে জানানো হয়েছিল। তবে লাদেনকে হত্যা করতেই যে অভিযান চলছে, তা তাঁকে বলা হয়নি।যুক্তরাষ্ট্র ক্ষমা চাইবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি অ্যাবোটাবাদে মার্কিন বাহিনী একক অভিযান চালিয়ে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে যে অভিযোগ তুলেছেন, তা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সোমবার গিলানি পার্লামেন্টে বক্তব্য দিয়ে এ অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তাঁরা মোটেও দুঃখিত নন। তিনি বলেন, পাকিস্তানে ঢুকে লাদেনকে হত্যা করার অধিকার তাঁদের ছিল। এ কারণে তাঁরা ভুল স্বীকার কিংবা ক্ষমা চাইবেন না। ভিডিও টেপ ভুয়া!: আল-কায়েদার ভিডিও টেপ বরাবরই প্রচার করে থাকে এমন একটি ইসলামি ওয়েবসাইট দাবি করেছে, অভিযানের পর মার্কিন কর্তৃপক্ষ লাদেনের যে ভিডিও টেপটি প্রকাশ করেছে, তা ভুয়া। ‘শৌমৌখ আল ইসলাম’ নামের ওই ওয়েবসাইটে গতকাল বলা হয়েছে, টেলিভিশন দেখতে থাকা যে ব্যক্তিকে লাদেন দাবি করে মার্কিন মিডিয়ায় ছবি প্রকাশ করা হয়েছে, ওই ব্যক্তি আসলে লাদেন নন। প্রমাণ হিসেবে তারা লাদেনের আগে প্রকাশিত কয়েকটি ছবি ওয়েবসাইটে সন্নিবেশ করেছে এবং টেলিভিশন দেখতে থাকা ব্যক্তির কান ও চোখের সঙ্গে তাদের সন্নিবেশ করা লাদেনের ছবির পার্থক্য দেখিয়েছে।