পাকিস্তান-যুক্তরাষ্ট্র নতুন উত্তেজনা
পাকিস্তানের বিমানবাহিনী সে দেশের সরকারকে নিশ্চিত করে বলেছে, ভবিষ্যতে বিদেশি কোনো হেলিকপ্টার ও জঙ্গি বিমানকে পাকিস্তানি আকাশসীমা লঙ্ঘন করতে দেওয়া হবে না। আর নির্দেশ দেওয়া হলে তারা মার্কিন চালকবিহীন বিমানও (ড্রোন) গুলি করে ভূপাতিত করবে।আকাশসীমা নজরদারিতে ব্যর্থতার দায় স্বীকার করেছেন বিমানবাহিনীর প্রধান মার্শাল রাও কামার সুলেমান। তবে তিনি সরকারকে জানিয়েছেন, ২ মে রাতে মার্কিন কমান্ডোরা যখন হেলিকপ্টার নিয়ে পাকিস্তান ভূখণ্ডে ঢোকেন, তা তাঁদের রাডারে ধরা পড়েনি; কারণ পশ্চিম সীমান্তের নজরদারিতে বসানো রাডার ওই সময় বন্ধ ছিল। মার্কিন বাহিনী পাকিস্তানের রাডার-ব্যবস্থাকে অকার্যকর (জ্যাম) করে দিয়েছিল বলে যে কথা বলা হচ্ছে, তা নাকচ করে দেন তিনি।ওসামাকে হত্যা করতে মার্কিন বাহিনীর ওই সফল অভিযানের পর পাকিস্তানের সেনাবাহিনী ও বিমানবাহিনীর সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গতকাল শুক্রবার আদিবাসী-অধ্যুষিত এলাকায় আবার মার্কিন ড্রোন হামলা পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।বিমানবাহিনী জানিয়েছে, পাকিস্তানের আদিবাসী এলাকার ওপর আফগানিস্তান থেকে হামলা হতে পারে—এ ধরনের আশঙ্কা তাদের কোনো সময় ছিল না। এ কারণেই পশ্চিম সীমান্তে বসানো রাডারগুলোকে ‘বিশ্রামে’ রাখা হয়েছিল।জানা গেছে, ভারত সীমান্ত ও কাশ্মীরের ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখা বরাবর বসানো রাডারগুলো ২৪ ঘণ্টা সচল রাখা হয়। এ জন্যই ২০০৮ সালে মুম্বাই হামলার পরপরই পাকিস্তানে ভারতের সম্ভাব্য হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল। ২০০৮ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর অস্বাভাবিক গতিবিধি ধরা পড়ে পাকিস্তানের রাডারে। বিষয়টি নিশ্চিত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পাকিস্তানি বিমানবাহিনীকে সক্রিয় করা হয়।পাকিস্তানের কাছে দুই ধরনের রাডার আছে, উচ্চক্ষমতার ও নিম্নক্ষমতার। উচ্চক্ষমতার রাডার ব্যবহার করা হয় আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে। আর নিম্নক্ষমতার রাডার কাজে লাগে বিমানবাহিনীর প্রশিক্ষণের সময়। উচ্চক্ষমতার রাডারের সর্বোচ্চ কার্যকাল ২৫ হাজার ঘণ্টা। এ ধরনের রাডার তিন বছর পর পর পরীক্ষা-নিরীক্ষা ও সংস্কার করা লাগে। আর নয় বছর বয়স হওয়ার পর এ রাডার আর কোনো কাজে আসে না। এ রাডার-ব্যবস্থা পরিচালনায় ব্যয় অনেক বেশি হওয়ায় পাকিস্তানি বিমানবাহিনী পশ্চিম সীমান্তে তা ২৪ ঘণ্টা ধরে সক্রিয় রাখে না। এ কারণেই পাকিস্তানি পক্ষকে ফাঁকি দিয়ে ঢুকে যেতে পেরেছিল মার্কিন হেলিকপ্টার।এখন আরও জানা যাচ্ছে, পুরো দেশের ওপর নজরদারি করা যায়, এমন অত্যাধুনিক পর্যবেক্ষণ-ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বিমানবাহিনী বহু আগেই সরকারকে বলেছিল। এর পরিপ্রেক্ষিতে রাডার-ব্যবস্থাসংযুক্ত বিমান ক্রয়ের জন্য সুইডেন ও চীনের সঙ্গে চুক্তি করেছিল বিগত সরকার।আকাশপথের সতর্কতা ও নিয়ন্ত্রণ-ব্যবস্থা (অ্যাওয়াকস) সংযুক্ত তিনটি বিমান এ পর্যন্ত সুইডেনের কাছ থেকে পেয়েছে বিমানবাহিনী। আরও একটি পাওয়ার কথা আছে আগামী জুনে। চীন দিয়েছে আকাশপথের আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ (অ্যাওয়াক) পদ্ধতিসংবলিত একটি জেডডিকে-০৩ বিমান। আরও তিনটি দেবে এ বছরের মধ্যে।এসব আধুনিক যন্ত্রপাতি শিগগির কাজে লাগানো হবে। এর মাধ্যমে পাকিস্তানের পুরো ভূখণ্ডের ওপর নজরদারি করা যাবে।এদিকে ২ মে রাতের মার্কিন ওই অভিযানের পর পশ্চিম সীমান্তের সব রাডার সক্রিয় করেছে পাকিস্তানি বিমানবাহিনী। এর অর্থ, আফগানিস্তানে অবস্থানকারী বিদেশি বাহিনী এখন থেকে পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে।পাকিস্তানের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সিআইএ-প্রধানের মন্তব্যের পর এখন তাঁদের নিরপেক্ষভাবে ভেবে দেখতে হবে, ‘কে আমাদের প্রকৃত বন্ধু, আর কে শত্রু।’ ওই কর্মকর্তারা পরিষ্কার করেই বলেছেন, ‘ওসামা বিন লাদেন শুধু আমেরিকার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেননি, করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধেও। সেই যুদ্ধে আমরা হারিয়েছি সাড়ে তিন হাজার সেনা। আমরা ওসামার ঘনিষ্ঠ অনেক সহযোগীকে গ্রেপ্তার করেছি। এর পরও ২ মের অভিযানের জন্য যুক্তরাষ্ট্র আমাদের ওপর আস্থা রাখতে পারেনি। এমনকি নিজেদের ওই সফল অভিযানের পরও তারা আমাদের নানাভাবে হেয় করছে, যা তাদের চিরাচরিত স্বভাব। তাদের ঔদ্ধত্য আমরা ভবিষ্যতে সহ্য করব না।’উত্তর ওয়াজিরিস্তানে গতকাল আবার কেন ড্রোন হামলা চালানো হলো—জানতে চাইলে প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, ‘আমরা এই ড্রোন হামলা বন্ধ করতে পারি, যেমন কয়েক বছর আগে আমরা ভারতের একটি ড্রোন ধ্বংস করেছিলাম। এই রাজনৈতিক সরকার যদি আমাদের সেই ক্ষমতা দেয়, তাহলে আমরা দেশের মানুষকে হতাশ করব না।’প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেন, ‘২ মে রাতের ওই হামলার সময় আমরা অনুপ্রবেশকারী বাহিনীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারিনি। তবে রাত একটার দিকেই বিমানবাহিনীর প্রধান অ্যাবোটাবাদ এলাকায় হেলিকপ্টারের অবস্থান সম্পর্কে অবহিত হন। এর পরপরই তিনি তাঁর বাহিনীর রাতের পালার দায়িত্বপ্রাপ্তদের ওই হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই রাতের ওই সেনারা বিমান ও হেলিকপ্টার নিয়ে আকাশে উঠে যান। কিন্তু ততক্ষণে অ্যাবোটাবাদের ওই অজ্ঞাত হেলিকপ্টার সেখান থেকে কেটে পড়ে।’ওই কর্মকর্তারা আরও বলেন, ‘পূর্ব বা পশ্চিমে আমরা আবার সুযোগ পেলে আমাদের কাজের ক্ষমতা বিশ্বকে দেখিয়ে দেব।’