পাকিস্তান সফর বন্ধের দাবিতে মানববন্ধন
বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর বন্ধের দাবিতে নগরে মানববন্ধন করেছে ‘চট্টগ্রাম অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’ নামের একটি সংগঠন। আজ শনিবার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্রিকেটপ্রেমী কয়েক শ তরুণ অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের জাতীয় দলের এই মুহূর্তে পাকিস্তান সফর করা উচিত হবে না। কারণ আইসিসি পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে এখনো সন্তুষ্ট নয়।’ তাঁরা বলেন, নানা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলকে নিরাপত্তা ঝুঁকির মুখে ঠেলে দিয়ে পাকিস্তান পাঠানো হচ্ছে। ক্রিকেট দলের পাকিস্তান সফরের তীব্র বিরোধিতা করে তাঁরা বলেন, যেখানে কোনো দেশ নিরাপত্তার কারণে পাকিস্তানে যাচ্ছে না, তা গুরুত্ব না দিয়ে এ দেশের ক্রিকেটারদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বক্তারা বলেন, বাংলাদেশ ক্রিকেট খেলতে পাকিস্তান যাবে না এবং এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার দাবি জানানো হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি নুর নবী দুলাল, সাধারণ সম্পাদক সুমিত চৌধুরী প্রমুখ।