পাকিস্তান সফরে বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জাতিসংঘের মহাসচিব বান কি মুন আজ রোববার পাকিস্তান পৌঁছেছেন। খবর ডন অনলাইনের।পাকিস্তানে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে প্রলয়ংকরী বন্যায় গৃহহীন হয়ে পড়েছে প্রায় দুই কোটি মানুষ। পর্যাপ্ত ত্রাণসামগ্রীর অভাবে দিনে দিনে পরিস্থিতির অবনতি হচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া এই বন্যায় প্রায় দেড় হাজার লোকের মৃত্যু হয়েছে। নষ্ট হয়েছে প্রায় ৭৯ লাখ একর একর আবাদি জমির ফসল। পাকিস্তানের ‘খাদ্য-ঝুড়ি’ হিসেবে পরিচিত পাঞ্জাব প্রদেশ বন্যায় তলিয়ে যাওয়ায় এ বছর দেশটিতে ভয়াবহ খাদ্যসংকট দেখা দিতে পারে বলে বিশ্লেষকেরা মনে করেন। আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) দেশটির সম্ভাব্য ভয়াবহ অর্থনৈতিক পরিণতির ব্যাপারে সতর্ক করে দিয়েছে। পাকিস্তান অর্থনৈতিকভাবে বৈদেশিক সাহায্যের ওপর অনেকটাই নির্ভরশীল। এর পাশাপাশি বন্যার কারণে দেশটির স্বাস্থ্য-ব্যবস্থা ভেঙে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে।পাকিস্তান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুন আজ দিনের যেকোনো সময়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন।এদিকে যুক্তরাষ্ট্র পাকিস্তানের বন্যাদুর্গতদের সহযোগিতায় সাত কোটি মার্কিন ডলার ত্রাণ সহায়তা ঘোষণা করেছে। এ ছাড়া আটকে পড়া লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, তাদের কাছে খাদ্য ও পানীয় জল পৌঁছানোর কাজে অংশ নিতে বেশ কিছু সামরিক হেলিকপ্টার পাঠিয়েছে।