পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ কর্মকর্তার বিচার করতে বলেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাদের বিচার না করে পাকিস্তান সেনাবাহিনীর অভিযুক্ত ১৯৫ জন সেনা কর্মকর্তাকে এনে বিচার করার দাবি জানিয়েছে জামায়াত। যে আইনে মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া চলছে, সেই আইনে এ দেশের কোনো নাগরিকের বিচার করা অবৈধ বলেও দলটি দাবি করেছে।জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও সাংসদ হামিদুর রহমান আযাদ এসব দাবি করেছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের শীর্ষস্থানীয় পাঁচ নেতার মুক্তিসহ বিভিন্ন দাবিতে আজ শুক্রবার বিকেলে বড় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সমাবেশে তাঁরা এ দাবি জানান। রমনা থানা জামায়াত এই সমাবেশের আয়োজন করে।মকবুল আহমাদ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হলে পাকিস্তান সেনাবাহিনীর চিহ্নিত ১৯৫ জন সেনা কর্মকর্তাকে এনে বিচার করুন। কেন তাঁদের মাফ করে দিলেন? তাঁদের সহযোগী যাঁদের দালাল আইনে বিচার করা হচ্ছিল, বর্তমান প্রধানমন্ত্রীর পিতা তাঁদেরও ক্ষমা করে দিয়েছিলেন। তার মানে, যেই হিসাব বন্ধ হয়ে গেছে। বর্তমান প্রধানমন্ত্রী আবারও সেই হিসাব চালু করলেন।’বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এ দেশের কাউকে বিচার করার জন্য করা হয়নি। এই আইন করা হয়েছিল অন্য দেশের অপরাধীদের বিচার করার জন্য। এই আইনে এ দেশের কোনো নাগরিকের বিচার করা অন্যায়, অসাংবিধানিক ও বেআইনি। দেশের মানুষ এই ট্রাইব্যুনালকে আগেই প্রত্যাখ্যান করেছে।রমনা থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মানসুরুল হক পাটোয়ারি সমাবেশে সভাপতিত্ব করেন।